Friday, November 20, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Crime

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার রায় আজ

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় আজ বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের রায়কে রোহিঙ্গা সংকটের বিচারে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে […]

Read on Khulna Gazette Link copied
আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার রায় আজ
Photo: Khulna Gazette

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় আজ বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের রায়কে রোহিঙ্গা সংকটের বিচারে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আদালত যদি মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করেন, তাহলে আন্তর্জাতিক বিচারব্যবস্থায় তা হবে নজিরবিহীন ঘটনা।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় পড়া শুরু হওয়ার কথা। এ প্রক্রিয়ায় দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

রায়টি চূড়ান্ত হবে। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা খুবই সীমিত। মিয়ানমার রায় না মানলে মামলার বাদী পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন করতে পারবে।

মামলার পটভূমি

২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মধ্য দিয়ে গণহত্যা সংঘটিত হয়েছে। এ জন্য মিয়ানমার রাষ্ট্র হিসেবে দায়ী।

ওই সামরিক অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন। মিয়ানমার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ। অন্যদিকে রোহিঙ্গাদের অধিকাংশই মুসলিম।

অভিযান থেকে বেঁচে আসা রোহিঙ্গারা হত্যাকাণ্ড, ব্যাপক ধর্ষণ এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশনও তাদের প্রতিবেদনে বলেছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে বৈধভাবেই অভিযান চালিয়েছিল তাদের বাহিনী। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল—এমন কোনো প্রত্যক্ষ প্রমাণও নেই বলে দাবি করেছে মিয়ানমার।

কেন গুরুত্বপূর্ণ এই রায়

১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের অপরাধ প্রমাণের ক্ষেত্রে গোষ্ঠীটিকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রতিষ্ঠা করা জরুরি।

এখন পর্যন্ত আইসিজে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেনি। ২০০৭ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় ১৯৯৫ সালের হত্যাকাণ্ডের ঘটনায় সার্বিয়াকে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ বলে রায় দিয়েছিলেন আদালত। ওই হত্যাকাণ্ডে আট হাজারের বেশি মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করা হয়েছিল। তবে সার্বিয়া নিজে গণহত্যা করেছে বলে রায় দেননি আইসিজে।

মিয়ানমারের বিরুদ্ধে আজকের রায় ভবিষ্যতে অন্য গণহত্যার মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে। এর মধ্যে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা ইসরাইলের বিরুদ্ধে মামলাটিও রয়েছে।

আইসিজে মূলত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে। তাই আদালত মিয়ানমারকে দায়ী করতে পারলেও কোনো ব্যক্তির বিচার করতে পারে না। ব্যক্তির ফৌজদারি বিচারের দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।

গাম্বিয়া আইসিজের কাছে আবেদন জানিয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের জন্য দায়ীদের বিচার করতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হোক। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করার নির্দেশও চেয়েছে দেশটি। তবে রোহিঙ্গাদের পক্ষে গাম্বিয়ার ক্ষতিপূরণ চাওয়ার অধিকার নিয়েও আপত্তি জানিয়েছে মিয়ানমার।

বাংলাদেশে নজর রোহিঙ্গাদের

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাদের অনেকেই আইসিজের আজকের রায়ের দিকে তাকিয়ে আছেন।

অন্যদিকে মিয়ানমারে এখনো প্রায় ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গা রয়েছেন। দেশটিতে তাদের চলাচল, স্বাস্থ্যসেবা গ্রহণ ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে নানা বিধিনিষেধ রয়েছে।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ন্যায়বিচারের দাবির ক্ষেত্রে আইসিজের এই রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে আদালতের সিদ্ধান্তের পর মিয়ানমার কী পদক্ষেপ নেয়, তার ওপরও অনেক কিছু নির্ভর করবে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original