Saturday, November 14, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Politics

বদলেছে বিশ্ব, বদলায়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো: ড. খলিলুর রহমান

বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো কতটা কার্যকর—এ প্রশ্ন সামনে রেখে পরিষদটির সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তার মতে, […]

Read on Khulna Gazette Link copied
বদলেছে বিশ্ব, বদলায়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো: ড. খলিলুর রহমান
Photo: Khulna Gazette

বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো কতটা কার্যকর—এ প্রশ্ন সামনে রেখে পরিষদটির সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তার মতে, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় জাতিসংঘের কাঠামো তৈরি হয়েছিল, বর্তমান বিশ্ব তার চেয়ে অনেকটাই আলাদা। অথচ নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও স্থায়ী সদস্যপদের কাঠামোতে সেই পরিবর্তনের প্রতিফলন ঘটেনি।

বৃহস্পতিবার (১২ নভেম্ববর) তুরস্কের আনতালিয়ায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ‘ওয়ান অন ওয়ান’ অনুষ্ঠানে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদের সংস্কার, ভেটো ক্ষমতার প্রয়োগ, রোহিঙ্গা গণহত্যার বিচার, জাতিসংঘের মাঠপর্যায়ের কার্যক্রম এবং নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক বাস্তবতায় ব্যাপক পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের কাঠামো এখনো ১৯৪৫ সালের অবস্থানে রয়ে গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বর্তমান বাস্তবতার প্রতিফলন থাকা জরুরি।

বিশেষ করে আফ্রিকা মহাদেশকে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যথাযথ প্রতিনিধিত্ব না দেওয়াকে বড় ধরনের ঐতিহাসিক বৈষম্য হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির স্থায়ী প্রতিনিধিত্ব নেই। আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হতে হবে, কোনোভাবেই আলোচনার বিষয়বস্তু বা ‘মেনু’ হয়ে থাকা চলবে না।

নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে অগ্রগতির কথা জানিয়ে সাধারণ পরিষদের সভাপতি বলেন, এ বিষয়ে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য তিনি ইতিমধ্যে কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন। তবে সংস্কার বাস্তবায়ন সহজ নয়। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী কিংবা অস্থায়ী সদস্যপদের কাঠামোয় পরিবর্তন আনতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি ও প্রয়োজনীয় অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই রাতারাতি কাঠামোগত পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে এগোনোর ওপর গুরুত্ব দেন তিনি। নিজের সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি অর্জনই তাঁর লক্ষ্য বলে জানান।

বিশ্বের বিভিন্ন সংঘাত ও মানবিক সংকট মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও কথা বলেন ড. খলিলুর রহমান। তিনি জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের পারস্পরিক স্বার্থের সংঘাত এবং ভেটো ক্ষমতার ব্যবহারের কারণে অনেক গুরুত্বপূর্ণ সংকটে পরিষদ কার্যকর সিদ্ধান্ত নিতে পারছে না।

এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন সংঘাত দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে। সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব গৃহীত হলেও নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের ভেটোর কারণে তা কার্যকর না হওয়ার ঘটনাও এ অচলাবস্থার অন্যতম উদাহরণ।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং জাতিসংঘের সদস্যপদ বাতিলের ক্ষমতা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের বিধান রয়েছে। তবে ইতিহাসে এ বিধানের প্রয়োগ অত্যন্ত বিরল। চীনের প্রতিনিধিত্ব পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনাটি এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদাহরণ।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধের বিচারিক নিষ্পত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকা তুলে ধরেন তিনি। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার কথা উল্লেখ করে জানান, এ মামলায় ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। তাঁর মতে, আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালত আইনি প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার কারণে জাতিসংঘের সামগ্রিক কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার জবাবে সংস্থাটির মাঠপর্যায়ের কাজের গুরুত্ব তুলে ধরেন সাধারণ পরিষদের সভাপতি।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক সীমাবদ্ধতা দিয়ে জাতিসংঘের সামগ্রিক কার্যক্রমের মূল্যায়ন করা ঠিক হবে না। কারণ বিশ্বজুড়ে মানবিক সহায়তা, সাধারণ মানুষের জীবন রক্ষা এবং বিভিন্ন সংকটে জরুরি সেবা নিশ্চিত করতে সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তাকে অবাস্তব উল্লেখ করে তিনি বলেন, আজ যদি জাতিসংঘকে বিলুপ্ত করা হয়, তাহলে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থেই আগামীকাল আবার একটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেবে। জলবায়ু সংকটসহ বৈশ্বিক সমস্যার সমাধানে তরুণ সমাজ ও সাধারণ মানুষের আস্থা এখনো এই আন্তর্জাতিক সংস্থার ওপর রয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার মধ্যেও বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকরভাবে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে গেছে।

এ ক্ষেত্রে স্থানীয় প্রতিষ্ঠান, জাতীয় পর্যায়ের জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদের সরাসরি সেবা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছিল। এতে সীমিত অর্থায়ন সত্ত্বেও শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা সম্ভব হয়। কোনো কোনো ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল বলে জানান তিনি।

সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো সফরের অভিজ্ঞতাও সাক্ষাৎকারে তুলে ধরেন ড. খলিলুর রহমান। সেখানে দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তা, জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি এবং বড় দাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তাঁদের কাছ থেকেও তিনি কঙ্গোয় জাতিসংঘের কান্ট্রি টিমের কার্যকর ভূমিকার কথা জানতে পেরেছেন। সাধারণ মানুষের জীবন রক্ষা ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সংস্থাটির মাঠপর্যায়ের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে তাঁরা স্বীকার করেছেন।

আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এটি জাতিসংঘের বহুপক্ষীয় উদ্যোগ ও আলোচনাপ্রক্রিয়ারই অংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

এ ধরনের বৈশ্বিক সমঝোতার জন্য প্রভাবশালী রাষ্ট্র ও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একই প্ল্যাটফর্মে আনার সক্ষমতা জাতিসংঘের রয়েছে। তাঁর মতে, জাতিসংঘের বহুপক্ষীয় কাঠামো ছাড়া এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা অর্জন অত্যন্ত কঠিন।

সাক্ষাৎকারে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়োগের প্রক্রিয়াও ব্যাখ্যা করেন ড. খলিলুর রহমান। তিনি জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়।

এ প্রক্রিয়ায় নিরাপত্তা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে মহাসচিব নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ যাঁদের নাম সুপারিশ করেছে, সাধারণ পরিষদ তাঁদেরই সর্বসম্মতিক্রমে নিয়োগ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সামগ্রিকভাবে সাক্ষাৎকারে ড. খলিলুর রহমানের বক্তব্যে উঠে এসেছে, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের কাঠামোগত সংস্কার যেমন জরুরি, তেমনি মানবিক সহায়তা ও মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখাও সমান গুরুত্বপূর্ণ।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original