
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য রাসায়নিক পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যবোঝাই একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবোঝাই ট্রাকটি (আফজাল কুরিয়ারের ট্রাক নং-যশোর-ট-১১-৬৩৯৩ ) বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়ায়নিক দ্রব্যসহ ট্রাকটি জব্দ করা হয়।
জব্দ করা চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্যটি বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালের বিরুদ্ধে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। তবে চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাস করে বের করে নেওয়ার চেষ্টা চলছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয়ের অসংগতি থাকার সন্দেহে চালানটি জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান রাসায়নিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে পণ্যের প্রকৃত পরিচয় যাচাইয়ের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনে নমুনা পরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।
ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা পণ্যবোঝাই ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে শুল্ক ফাঁকির অপচেষ্টা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.