
দেশের প্রধান রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে তৈরি হওয়া অসন্তোষের আবহে প্রধান প্রধান শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। নারায়ণগঞ্জ, মিরপুর ও গাজীপুরের কালিয়াকৈরসহ অধিকাংশ শিল্প এলাকায় বুধবার শান্ত পরিবেশে পুরোদমে উৎপাদন চালু হলেও আশুলিয়া ও সাভারের হেমায়েতপুরে কিছু বিচ্ছিন্ন অসন্তোষ, ভাঙচুর ও শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আশুলিয়া ও সাভারের সংবেদনশীল পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ, বিজিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শিল্পাঞ্চলে বুধবার সকাল থেকেই বিরাজ করছে সম্পূর্ণ শান্ত ও কর্মমুখর পরিবেশ। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকার শিল্প কারখানাগুলোতে শ্রমিকরা শতভাগ উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন।
সরেজমিনে সকালে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গার্মেন্টসগুলোতে সকাল ৮টার আগেই দলে দলে শ্রমিকরা শান্ত পরিবেশে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন। কারখানার প্রধান ফটকগুলোতে হাজিরা কার্ড পাঞ্চ করা, মেশিনের গমগম শব্দ এবং উৎপাদন লাইনের ব্যস্ততা-সবকিছুই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। কারখানার বাইরে কোনো ধরণের জটলা বা উত্তেজনার সৃষ্টি হতে দেখা যায়নি।
শিল্পাঞ্চলটির সার্বিক নিরাপত্তায় চন্দ্রা ত্রিমোড়, পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর বাজার ও মৌচাক বাস স্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ এবং বিজিবি যৌথভাবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা রুখতে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও বিভিন্ন স্থানে পাহারা দিতে দেখা গেছে।
কালিয়াকৈরের এক তৈরি পোশাক কারখানার উর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘আজ আমাদের কারখানায় শতভাগ শ্রমিক উপস্থিত রয়েছেন এবং উৎপাদন কাজ পুরোদমে চলছে। শিল্পাঞ্চলের এমন শান্ত ও নিরাপদ পরিবেশই আমাদের কাম্য।’
উৎপাদনমুখী পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ শ্রমিকরাও। কারখানা অভিমুখী এক নারী শ্রমিক বলেন, ‘সকালে আইসা দেখি রাস্তায় পুলিশ আছে, সবাই পাহারা দিতাছে। কোনো ভয় লাগে নাই। শান্তিতে কাজ করতাছি, এভাবেই কারখানা চালু থাকা উচিত।’
আশুলিয়ায় বিচ্ছিন্ন অসন্তোষ
কালিয়াকৈরে শান্ত পরিবেশ বিরাজ করলেও আশুলিয়া শিল্পাঞ্চলের চিত্র কিছুটা ভিন্ন। হামিম গ্রুপ, শারমিন গ্রুপ ও স্টারলিংকসহ বেশ কিছু বড় তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির খবর পাওয়া গেছে।
শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়াকে কেন্দ্র করে এসব কারখানায় বারবার উৎপাদন ব্যাহত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক হামিম গ্রুপের এক শ্রমিক উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সরকার মজুরি বোর্ড গঠন করার পর আশুলিয়ার বেশিরভাগ কারখানায় কাজ স্বাভাবিক হলেও আমাদের কারখানায় প্রতিদিন আসার পর ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। কেন এমনটা করা হচ্ছে, তা রহস্যজনক।’
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদীর মালিকানাধীন এনভয় গ্রুপের স্টার লিংক কারখানার এক শ্রমিক জানান, ‘আশুলিয়ার অন্যান্য কারখানায় কাজ চললেও আমাদের এখানে আন্দোলনের নামে প্রতিদিনই বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এতে আমরা সাধারণ শ্রমিকরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি।’
সাধারণ পোশাক শ্রমিকদের একটি বড় অংশ অবিলম্বে অসন্তোষ দূর করে কারখানা চালু রাখার দাবি জানিয়েছেন। তারা জানান, দিন এনে দিন খাওয়া পরিবারগুলোর জন্য কারখানা বন্ধ থাকা মানেই চরম অনিশ্চয়তা। ‘আমরা কাজ করে সংসার চালাই। গোলযোগের কারণে কারখানা বন্ধ থাকলে আমাদের চুলা জ্বলবে না,’ বলেন এক শ্রমিক।
শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের অন্যতম বৃহৎ এই শিল্পাঞ্চলে সামান্য অসন্তোষও দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। একই সময়ে একাধিক কারখানায় বিক্ষোভের ফলে সামগ্রিক পণ্য সরবরাহ ও রপ্তানি আদেশ সময়মতো পাঠানো নিয়ে তৈরি হচ্ছে নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ।
এরইমধ্যে, সাভারের হেমায়েতপুর এলাকার পদ্মার মোড়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে এই সহিংসতার সূচনা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সকালে পদ্মার মোড় সংলগ্ন ‘জিন্স ম্যানুফ্যাকচারিং লিমিটেড’-এর শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন শুরু করে। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে পার্শ্ববর্তী ‘রূপকতা’ নামের একটি তৈরি পোশাক কারখানায় গিয়ে ভাঙচুর চালায়।
পরবর্তীতে আন্দোলনকারী শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড় এলাকা অবরুদ্ধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে কয়েকজন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা বিবেচনায় সাভার ও হেমায়েতপুর এলাকার বেশ কিছু কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর টহলে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহন স্বাভাবিক
শিল্পাঞ্চলে যেকোনো ধরণের বড় নাশকতা এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। সাভার, কালিয়াকৈর ও আশুলিয়ার সংযোগস্থলগুলোতে যানবাহন চলাচল সকাল থেকেই স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল স্বাভাবিক থাকায় আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটেনি।
শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিচ্ছিন্ন যে দু-একটি স্থানে ঘটনা ঘটেছে, সেখানে অতিরিক্ত বল মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি পোশাক কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন।
কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, কোনো ধরনের নাশকতা, ভাঙচুর বা গুজব ছড়ানোর চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিল্পাঞ্চলে কেউ আগুন দেবে, ভাঙচুর করবে, শ্রমিকদের ভয় দেখাবে-এটা আমরা বরদাশত করবো না। পুলিশ মাঠে আছে, বিজিবি মাঠে আছে, শিল্প পুলিশ মাঠে আছে। কেউ অশান্তি করতে আসলে সরাসরি গ্রেপ্তার করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.