Friday, November 13, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Khulna

বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, উদ্যোগ শুরু

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জনশক্তি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে পর্যায়ক্রমে এসব কর্মী পাঠানো হবে। এরই […]

Read on Khulna Gazette Link copied
বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, উদ্যোগ শুরু
Photo: Khulna Gazette

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জনশক্তি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে পর্যায়ক্রমে এসব কর্মী পাঠানো হবে। এরই মধ্যে প্রথম ধাপে ১১২ জন কর্মী নিয়োগের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বোয়েসেল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি জানান, প্রথম ধাপে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’-তে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তারা ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বিদেশে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে সরকার স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।  গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এরপর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর সকাল ৮টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। বোয়েসেল এ বাছাই প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্ত বলে গণ্য হবেন।

অভিবাসন ব্যয় বহন করবে মালয়েশিয়ার কোম্পানি

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, পুরো নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে শূন্য অভিবাসন ব্যয়ে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।

নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত কেউ অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বোয়েসেল। একই সঙ্গে প্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।

রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শ্রমিকেরা যেন নিজেদের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় বোয়েসেল। তিনি আশা প্রকাশ করেন, এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original