খুলনার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম গতিশীল ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সেবা গ্রহীতাদের এক গণশুনানি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অভিভাবকের উপস্থিতিতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস এম ছায়েদুর রহমান।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাইজার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সনাক খুলনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক রমা রহমান, সহ-সভাপতি রীনা পারভীন, সরকারি বঙ্গবাসী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মিলন, সনাক ও টিআইবির এসিজি সমন্বয়ক ফরজিয়া আমীন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. শাহাজাহান আলী সহ শিক্ষক, সনাক-টিআইবির নেতৃবৃন্দ ও অভিভাবকরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং টিআইবির কার্যক্রম উপস্থাপন করেন সনাক খুলনা টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু অবকাঠামো কিংবা পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আস্থা ও বিশ্বাসই প্রতিষ্ঠানের বড় অর্জন। খুলনার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে অভিভাবকদের বক্তব্যে উঠে এসেছে সেই আস্থা ও সন্তুষ্টির প্রতিফলন। অভিযোগের পরিবর্তে বিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং সার্বিক ব্যবস্থাপনার প্রশংসাই করেছেন অধিকাংশ অভিভাবক।
গণশুনানি অনুষ্ঠানে অভিভাবকরা বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। পাশাপাশি তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকদের সার্বিক ভূমিকার প্রশংসা করেন।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.