খুলনার মহারাজপুর থেকে বারাকপুর পর্যন্ত মাঠে মাঠে এখনো আমন ধান। এর মধ্যেই প্রস্তুতি বোরো আবাদের। বোরো বীজ কেনা শুরু হয়েছে। কৃষকের পছন্দ হাইব্রিড জাতের। বীজ পানিতে ভেজানোর পর্ব চলছে। অঙ্কুরোদগম হলেই সোমবার নাগাদ বীজতলার প্রাথমিক কার্যক্রম শুরু হবে। জ্বালানির মূল্য বৃদ্ধি, লোডশেডিং, সার সংকট, কৃষি উপকরণের মূল্য, শৈত্যপ্রবাহ, দাবদাহ ও অনাকাক্ষিত বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন জেলার এক লাখ ৯৫ হাজার বোরো চাষি।
গেল মৌসুমে বোরো আবাদের সময় বড় ধাক্কা খায় কৃষক। মার্চ মাসে মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত কারণে জ্বালানির সংকট দেখা দেয়। রোপণ ও কর্তনের সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে লোডশেডিং হলে স্যালো মেশিন কাজে আসেনি। তাছাড়া দৈনিক কৃষি মজুরি ৬শ’ টাকার স্থলে এক হাজার টাকা হলে মহাজন চাষি ভেঙে পড়ে। গেলবার বোরো উৎপাদনে খরচও বাড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গেল মৌসুমে জেলায় এক একরে উৎপাদন খরচ হয় ৭৯ হাজার ২শ’ টাকা। কিš এবারে মৌসুমের শুরুতে সার সংকট দেখা দিয়েছে।
এ অধিদপ্তর ২০২৬-২৭ বোরো মৌসুমে জেলায় ৬৫ হাজার ৮শ’ হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রা নিয়েছে। উৎপাদনের লক্ষ্য তিন লাখ ১৫ হাজার মেট্রিক টন। গেল মৌসুমে জেলায় ৬৫ হাজার ৭৭৮ একর জমিতে আবাদ হয়। উৎপাদন হয় তিন লাখ ১৫ হাজার মেট্রিকটন। মৌসুমের শুরুতে নগরীর বাজারে মধুমতি, আলোড়ন, বর্ণস্বর্ণ, সাথী, হীরা-২, নবীন, ইস্পাহানী নামের হাইব্রিড বীজ মজুত হয়েছে। প্রতি কেজির মূল্য সর্বোনিম্ন তিনশ’ টাকা থেকে ৩৮০ টাকা।
রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের চাষি মোঃ আসলাম শেখ এবারের আবাদের জন্য চার কেজি সুপার হাইব্রিড এসএল-৮ এইচ নামের বীজ কিনেছেন। এ বীজ বিএডিসি’র উৎপাদিত। সহজেই কালিবাড়ি ঘাটের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। তিনি উদ্বিগ্ন জ্বালানি তেলের মূল্য বাড়ায়। বলেছেন এবারে এক বিঘা
জমিতে একবারের চাষে আটশ’ টাকা দিতে হচ্ছে। গতবার এক বিঘায় এক চাষে ছয়শ’ টাকা দিতে হয়। গেলবার দুই বিঘা জমিতে আবাদ করে ৪৪ মণ ধান উৎপাদিত হয় বলে জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম এবারের বোরো আবাদ নিয়ে আশাবাদ। বলেছেন, খাদ্য সংকট দূর করতে সরকার কৃষকদের সকল সুযোগ সুবিধা দেবে। ইতোমধ্যেই বটিয়াঘাটায় আমিরপুর ইউনিয়নের একটি ব্লকে ১৬ কৃষক কৃষি কার্ড পেয়েছে। সরকার কৃষকদের বীজ ও সার প্রণোদনা হিসেবে দেবে। জেলায় তিন লাখ ১৭ হাজার কৃষকের মধ্যে ৬০ শতাংশ বোরো আবাদি।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.