নগরীতে ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুরের ঘটনায় কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি। এ ঘটনার একদিন পার হলেও পুলিশ জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
এদিকে রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ভাঙচুর হওয়া খানজাহান আলী রোডের এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এর আগে শনিবার দুপুরে ৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় প্রতিষ্ঠানটিতে।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন রিপন বলেন, ঘটনার পর ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ব্যবস্থাপককে থানায় আসার কথা বলা হয়েছে। তারা এখনও পর্যন্ত থানায় আসেনি। তারা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা করেনি। গতকাল রবিবার ঘটনাস্থলে গিয়েছিলাম। তাদের মামলা করার জন্য অনুরোধ করা হয়। তারপরও তারা থানায় আসেনি।
তিনি আরও বলেন, ভিকটিম যদি মামলা না করে আদালতে তার গ্রহণযোগ্যতা থাকে না। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিকেলে, রাতে এবং ভোরে সন্ত্রাসীরা যাতে বেপরোয়া হয়ে উঠতে না পারে সেজন্য আমাদের পর্যবেক্ষণ দরকার। শহরের প্রত্যেকটা রাস্তায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি অটেমশনের মাধ্যমে খুলনা শহরকে এমনভাবে গড়ব যাতে করে একটি গাড়ি ঢুকলেই আমরা বুঝতে পারি যে গাড়িটি কার। লাইসেন্স কার মালিক কে। সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যকলাপ করে ফিরে যাওয়ার আগে তাকে যেন শনাক্ত করতে পারবে পুলিশ। অটোমোশন পদ্ধতি আমরা খুব তাড়াতাড়ি চালু করব। ইতোমধ্যে লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। আগামী সপ্তাহে তাদের সাথে আলোচনা করেই তাদের ওপরই খুলনার পর্যবেক্ষণের দায়িত্ব দিব। নগরবাসীকে তিনি ভয় না পাওয়ার আহ্বান জানান। সবাইকে মিলে এটিকে প্রতিরোধ করার অনুরোধ করেন তিনি।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.