আর.কে.বাপ্পা :
দেশের দক্ষিণাঞ্চল সাতক্ষীরার দেবহাটায় প্রকৃতিতে এখন ঋতু পরিবর্তনের পালাবদল চলছে। দিনে কড়া রোদ আর তীব্র গরম, আর রাত নামতেই হালকা শীত—এমন বৈরী ও অদ্ভুত আবহাওয়া বিরাজ করছে দেবহাটাসহ জেলায়। দিনের বেলা রোদের প্রখরতা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুললেও, সন্ধ্যা গড়ালেই চারপাশ ফুরফুরে আমেজে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। আর আবহাওয়ার এমন বৈচিত্র্যময়তার কারনে শিশুসহ সাধারন মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে ঠান্ডা ও সর্দির সাথে সাথে জ্বরে আক্রান্ত হয়ে পড়ছেন। আবার সেই অসুস্থতা ১০/১৫ দিনের আগে সারছেনা। বর্তমানে দেশে যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে তাতে অনেকেই নার্ভাসনেস হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতে রোগী ভর্তির সাথে সাথে ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এ অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে এবং কড়া রোদের কারণে গরম অনুভূত হচ্ছে। বিশেষ করে বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ এতটাই বাড়ে যে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে। তবে বিকেল গড়াতেই পাল্টে যেতে শুরু করে দৃশ্যপট। হিমেল হাওয়ার ছোঁয়া আর সন্ধ্যার পর থেকে হালকা ঠান্ডা জাঁকিয়ে বসে। রাত বাড়ার সাথে সাথে শীতের অনুভূতি এতটাই তীব্র হয় যে শেষ রাতে অনেককে হালকা কাঁথা বা চাদর গায়ে জড়াতে হচ্ছে।
আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় সাধারণ মানুষের জীবনযাত্রায় তৈরি হয়েছে এক ভিন্নধর্মী মিশ্র অভিজ্ঞতা। দিনের বেলা রোদ থেকে বাঁচতে সুতির কাপড়ের সাহায্য নিচ্ছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। অন্যদিকে, গরমের কারণে দিনমজুর ও ভ্যানচালকদের পরিশ্রমে বাড়তি কষ্ট যোগ হলেও রাতের আরামদায়ক আবহাওয়া তাদের সেই ক্লান্তি দূর করে দিচ্ছে।
দেবহাটার ভ্যানচালক ফজর আলী বলেন, “দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে, ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় গায়ে হালকা কাঁথা না টানলে ঠান্ডা লেগে যায়। অদ্ভুত এক আবহাওয়া চলছে এখন।”
চিকিৎসকরা বলছেন, দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা সর্দি, কাশি, জ্বর এবং নিউমোনিয়ার মতো বিভিন্ন ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হতে পারেন। তাই এ সময় স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা। এবিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম বলেন, আবহাওয়ার পালাবদলের কারনে পোলেন এলার্জি বিস্তার লাভ করে। যার কারনে সাধারন মানুষ এলার্জিজনিত রোগে আক্রান্ত হন। এছাড়া এই সময়ে ভাইরাসজনিত সমস্যায়ও মানুষ আক্রান্ত হন। এসময়ে বাইরে বের হলে মাক্স ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও বেশি করে হাত ধোঁয়ার পরামর্শ দিয়েছেন ডাঃ সাইফুল ইসলাম।
প্রকৃতির এমন পালাবদলে লেপ-তোশক তৈরির কারিগররাও ব্যস্ত হয়ে পড়েছেন তাদের পুরনো কাজ নিয়ে। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই দক্ষিণ জনপদের মানুষ এখন উপভোগ করছে এই মিষ্টি আমেজ ও দিনের গরমের দারুণ এক মিশ্রণ।#
The post দেবহাটায় আবহাওয়ার বৈচিত্র্য : দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজে অসুস্থ হচ্ছে শিশুসহ সাধারন মানুষ appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.