দেশে নতুন আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে নতুন এ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ আদেশ জারির পর থেকেই মেডিকেল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন কার্যকর হয়েছে।
এদিকে, নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনসংক্রান্ত প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.