আমাদের ভাষায় ‘কারিগর’ শব্দটির মধ্যে এক ধরনের সহজাত প্রশংসা মিশে আছে। কারও নিপুণ হাতের কাজ দেখে মুগ্ধ হলে আমরা বলি, মানুষটি দারুণ কারিগর। তাঁর দক্ষতা, সৃজনশীলতা ও কাজের নিখুঁত প্রকাশকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সম্মান জানাই। অথচ সেই কারিগরির সঙ্গে যখন ‘শিক্ষা’ শব্দটি যুক্ত হয়, তখন আমাদের অনেকের দৃষ্টিভঙ্গি বদলে যায়। কাজের দক্ষতাকে আমরা বাহবা দিই, কিন্তু সেই দক্ষতা অর্জনের শিক্ষাকে যথাযথ মর্যাদা দিতে কুণ্ঠিত হই। এই বৈপরীত্য আমাদের সামাজিক মনস্তত্ত্বের এক গভীর সংকট।
অথচ সভ্যতার অগ্রযাত্রা কেবল ধারণা ও পরিকল্পনায় এগোয় না, এগোয় সেই ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার দক্ষতায়। যে সেতু মানুষের যাতায়াত সহজ করে, যে বিদ্যুৎকেন্দ্র অন্ধকার দূর করে, যে শিল্পকারখানা অর্থনীতির চাকা সচল রাখে, যে প্রযুক্তিবিদ যন্ত্রের ত্রুটি শনাক্ত করে উৎপাদন অব্যাহত রাখেন, কিংবা যিনি নতুন প্রযুক্তিকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করেন, তাঁদের প্রত্যেকের পেছনে রয়েছে কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণের অবদান। তাঁদের শ্রম ও দক্ষতা ছাড়া আধুনিক অর্থনীতির কোনো বড় কাঠামোই পূর্ণতা পায় না। তাই কারিগরি শিক্ষাকে কম মর্যাদার চোখে দেখা শুধু সামাজিক অবিচার নয়, এটি একটি দেশের উৎপাদনশীলতা, প্রযুক্তিগত সক্ষমতা ও অর্থনৈতিক সম্ভাবনাকেও খাটো করে দেখার শামিল।
বাংলাদেশের অর্থনীতির বর্তমান বাস্তবতা এই শিক্ষার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ২০২৬ সালের বাংলাদেশবিষয়ক প্রতিবেদনে শিল্পের কর্মসংস্থান কাঠামো, উৎপাদনশীলতা ও শিক্ষাগত অসামঞ্জস্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে সরকারও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২৫-২০৩০ সালের TVET Implementation Plan-এ ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনায় ৮৭টি সুনির্দিষ্ট কার্যক্রম রয়েছে। এর মধ্যে ৩০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ, সরকারি কারিগরি প্রতিষ্ঠানে উদ্ভাবন ল্যাব গড়ে তোলা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ২ হাজার ৫০০টি সমঝোতা চুক্তি, শিক্ষার্থীদের শিল্পসংযুক্ত প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সহায়তা অন্তর্ভুক্ত। বিশেষভাবে উল্লেখযোগ্য, পরিকল্পনায় ২ হাজার শিক্ষককে শিল্পপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ এবং ৪৮ হাজার শিক্ষার্থীর প্রকল্পভিত্তিক শিক্ষায় অংশগ্রহণের লক্ষ্য রাখা হয়েছে। এটি কারিগরি শিক্ষাকে কেবল শ্রেণিকক্ষনির্ভর না রেখে উৎপাদনব্যবস্থার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ নীতিগত স্বীকৃতি।
শিক্ষার মানের প্রশ্নে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আধুনিক যন্ত্রপাতি থাকলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত হয় না; প্রয়োজন বিষয়ভিত্তিক জ্ঞান, ব্যাবহারিক দক্ষতা, আধুনিক শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষার্থীর সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তোলার মতো শিক্ষক। এক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংকের TVET Teachers for the Future কর্মসূচি উল্লেখযোগ্য। ১৫ কোটি মার্কিন ডলারের এই কর্মসূচির আওতায় অন্তত ১০ হাজার নতুন ও কর্মরত কারিগরি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। এতে শুধু শিক্ষকের প্রযুক্তিগত দক্ষতা নয়, পাঠদান ও পেশাগত উন্নয়নের ধারাবাহিক ব্যবস্থাও শক্তিশালী করার কথা বলা হয়েছে। সরকারের ৩০ হাজার শিক্ষক প্রশিক্ষণের বৃহত্তর লক্ষ্যের সঙ্গে এ উদ্যোগের সমন্বয় হলে কারিগরি শিক্ষার গুণগত ভিত্তি আরও মজবুত হতে পারে।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ইতিবাচক পরিবর্তনও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। অনেক প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস, ব্যাবহারিক পাঠদান, পরীক্ষা ও মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রয়েছে। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখানো, সেমিনার এবং স্থানীয় শিল্পোদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগও বিস্তৃত হচ্ছে। নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম ও স্থিতিশীল শিক্ষার পরিবেশ শিক্ষার্থীর দক্ষতা অর্জনের জন্য অপরিহার্য। সব প্রতিষ্ঠানকে একই মানদণ্ডে বিচার না করে যেসব প্রতিষ্ঠান ইতিবাচকভাবে এগোচ্ছে, তাদের অভিজ্ঞতা ও ভালো চর্চা অন্য প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কারিগরি শিক্ষার ভাবমূর্তি উন্নত করার সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিষ্ঠানের বাস্তব অর্জনকে দৃশ্যমান করা।
এই অগ্রগতির একটি পরিমাপ পাওয়া যায় সরকারের TVET Annual Sector Performance Report ২০২৪-এ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নয়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যের ভিত্তিতে প্রস্তুত ওই প্রতিবেদনে দেখা যায়, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৭ হাজার ২৫৯ থেকে বেড়ে ১০ হাজার ৫৯৫ হয়েছে, যা প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি। একই সময়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বেড়েছে ৬২ দশমিক ৬ শতাংশ। ডিপ্লোমা পর্যায়ে কোর্স সম্পন্নের হার ৯২ দশমিক ১৪ শতাংশ থেকে বেড়ে ৯৩ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছে। এসব তথ্য কারিগরি শিক্ষায় সম্প্রসারণ ও শিক্ষার্থী ধরে রাখার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয়। তবে একই প্রতিবেদনে শিক্ষক প্রতি শিক্ষার্থীর চাপ বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে। অর্থাৎ অগ্রগতিকে টেকসই করতে শিক্ষকসংখ্যা, প্রশিক্ষণ ও শিক্ষার মানে বিনিয়োগ বাড়ানো জরুরি।
শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগের একটি বাস্তব দৃষ্টান্ত তৈরি করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার সহায়তায় পরিচালিত শিল্প সংযুক্ত প্রশিক্ষণ কর্মসূচি। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ৪৭ জন ডিপ্লোমা শিক্ষার্থীকে ছয়টি শিল্পপ্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৪৫ জন প্রশিক্ষণ সম্পন্ন করেন। এক মাসের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের পর তিন মাস তাঁরা শিল্পপ্রতিষ্ঠানে কাজ শেখেন। উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী চাকরির সাক্ষাৎকার ও নিয়োগের সুযোগ পেয়েছেন। তাঁদের একজন নাবিহা মারজান শিল্প সংযুক্ত প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি পেয়েছেন। এই অভিজ্ঞতা দেখায়, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা গেলে ডিপ্লোমা শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ অনেক সহজ হতে পারে।
রাষ্ট্রের জন্য তাঁদের অবদান আরও বিস্তৃত। সরকারি অবকাঠামো প্রকল্পে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী থাকলে কাজের তদারকি, পরিমাপ, মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ শক্তিশালী হয়। এতে নির্মাণের ত্রুটি, যন্ত্রপাতির অকার্যকর সময় এবং অপ্রয়োজনীয় মেরামত ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়। সরকারি বিনিয়োগের প্রতিটি টাকার কার্যকারিতা বাড়ানো যায়। শিল্পে দক্ষ প্রযুক্তিবিদ থাকলে উৎপাদনশীলতা বাড়ে, অপচয় কমে, পণ্যের মান উন্নত হয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব এই বাস্তবতাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২৬ সালের নভেম্বরে সংসদে দেওয়া বক্তব্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে অও, রোবোটিকস, মেশিন লার্নিং, ভার্চ্যুয়াল রিয়েলিটি ও ন্যানোটেকনোলজির বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনাও প্রকাশিত হয়েছে। এই উদ্যোগের সঙ্গে কারিগরি শিক্ষার পাঠ্যক্রম ও ল্যাবভিত্তিক প্রশিক্ষণকে সমন্বিত করা গেলে শিক্ষার্থীরা প্রযুক্তির ভোক্তা নয়, প্রয়োগকারী ও উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে পারবেন।
কারিগরি শিক্ষার প্রতিটি শাখায় অও-এর প্রয়োগের সুযোগ রয়েছে। মেকানিক্যাল প্রযুক্তিতে রোবোটিকস ও প্রোডাক্টিভ মেইনটেন্যান্স, ইলেকট্রিক্যাল প্রযুক্তিতে স্মার্ট গ্রিড ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, সিভিল প্রযুক্তিতে ডিজিটাল নকশা ও নির্মাণ ব্যবস্থাপনা, কম্পিউটার প্রযুক্তিতে ডেটা অ্যানালিটিকস ও সাইবার নিরাপত্তা এবং ট্যুরিজমে স্মার্ট বুকিং, পর্যটকের আচরণ বিশ্লেষণ ও ডাইনামিক প্রাইসিংয়ের মতো ক্ষেত্র তৈরি হচ্ছে। তবে প্রযুক্তি শেখার পাশাপাশি তথ্য যাচাই, নৈতিক ব্যবহার, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতাও জরুরি। কারণ ভবিষ্যতের শ্রমবাজারে সবচেয়ে মূল্যবান হবেন তাঁরা, যাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে মানুষের কাজের গুণমান ও উৎপাদনশীলতা বাড়াতে পারবেন।
বাংলাদেশের সামনে এখন প্রয়োজন জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে একটি উৎপাদনশীল অর্থনীতি গড়ে তোলা। সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়; তারা একই জাতীয় উন্নয়ন যাত্রার পরিপূরক দুই শক্তি। একটি মানুষকে বিশ্লেষণ, চিন্তা ও জ্ঞানের ভিত্তি দেয়, অন্যটি সেই জ্ঞানকে প্রযুক্তি, উৎপাদন ও বাস্তব সমস্যার সমাধানে প্রয়োগের সক্ষমতা বাড়ায়। তাই কারিগরি শিক্ষাকে দ্বিতীয় শ্রেণির ভাবার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যে রাষ্ট্র দক্ষ মানুষের হাতে তার অবকাঠামো, শিল্প ও প্রযুক্তির ভবিষ্যৎ তুলে দিতে চায়, সে রাষ্ট্র কখনো দক্ষতাকে অবমূল্যায়ন করতে পারে না। বাংলাদেশের সমৃদ্ধির পরবর্তী অধ্যায় লেখা হবে শুধু সনদের কালি দিয়ে নয়, দক্ষ মানুষের হাতে, উদ্ভাবনী মস্তিষ্কে এবং উৎপাদনশীল শ্রমের মর্যাদায়।
লেখক : ইনস্ট্রাক্টর টেক ও বিভাগীয় প্রধান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.