আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর চক-ডাস্টারের যুগে যেখানে হারিয়ে যাওয়ার পথে প্রাচীন শিক্ষা-রীতির ঐতিহ্য, ঠিক তখনই গ্রামবাংলার সেই হারানো রূপকে পরম যত্নে বাঁচিয়ে রেখেছে চিতলমারী উপজেলার ডুমুরিয়া দক্ষিণপাড়ার ‘শিশু শিক্ষা নিকেতন’। প্রতিষ্ঠার পর থেকে দেড় যুগেরও বেশি সময় ধরে এই ব্যতিক্রমী পাঠশালায় শিশুদের হাতেখড়ি হচ্ছে তালপাতায়। বাঁশের কঞ্চির কলম আর দোয়াতের কালির ছোঁয়ায় কচি মনে বুনে দেওয়া হচ্ছে অক্ষরের বীজ।
২০০৫ সালে প্রতিষ্ঠিত এই পাঠশালায় বর্তমানে আশপাশের পাঁচ গ্রামের প্রায় অর্ধশত শিশু প্রাথমিক শিক্ষা নিরাময় ও অক্ষরজ্ঞান অর্জনের পাঠ নিচ্ছে। ৭৫ বছর বয়সী প্রবীণ শিক্ষক প-িত কালিপদ বাছাড় নিজ হাতে শিশুদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বানান, যুক্তাক্ষর, নামতা শেখানোর পাশাপাশি নৈতিক শিক্ষায় গড়ে তুলছেন। আধুনিক শিক্ষা উপকরণের চাকচিক্য না থাকলেও প্রাচীন এই পদ্ধতির ঘ্রাণ ও ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসেন কৌতূহলী অভিভাবকেরা।
শিক্ষার্থীদের অভিভাবকদের মতে, তালপাতায় লেখার চর্চা শিশুদের হাতের লেখা যেমন সুন্দর ও পরিপাটি করে তোলে, তেমনি তাদের শৈশব থেকেই শেকড় ও সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায়। আধুনিকতার অতিপ্রবণতার ভিড়ে সন্তানেরা যাতে নিজস্ব ঐতিহ্যকে ভুলে না যায়, সে কারণেই তাঁরা স্বতঃস্ফূর্তভাবে সন্তানদের এই পাঠশালায় পাঠাচ্ছেন।
তবে ঐতিহ্যের এই আলোকবর্তিকাটি নানা সংকটে ধুঁকছে। পাঠশালার সামনের জমিতে স্থায়ী জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুমে ছোট শিশুদের যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি রয়েছে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার তীব্র সংকট। দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চললেও আজও মেলেনি কোনো স্থায়ী সমাধান।
সংকট নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষক পন্ডিত কালিপদ বাছাড় বলেন, “পুরোনো ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করেই আমরা শিশুদের তালপাতায় লেখাপড়া শেখাই। তালপাতায় অক্ষর চর্চা করলে হাতের লেখা চমৎকার হয়। এখান থেকেই শিশুরা মূলত জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক অক্ষরজ্ঞান লাভ করে।”
এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “এই পাঠশালাটিতে পুরোনো আমলের তালপাতার শিক্ষাব্যবস্থা চালু রয়েছে, যা আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে। জলাবদ্ধতা ও স্যানিটেশনের অভাবসহ পাঠশালার অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
দ্রুতগতির আধুনিকতার ভিড়ে তালপাতায় লেখার চর্চা যখন স্মৃতির আড়ালে হারিয়ে যেতে বসেছে, তখন চিতলমারীর এই ছোট্ট পাঠশালাটি গ্রামবাংলার শিক্ষা-সংস্কৃতির এক জীবন্ত স্মারক হয়ে টিকে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যের এই পাঠশালা আরও বহুকাল ধরে শিশুদের হাতে তুলে দিতে পারবে তালপাতায় হাতেখড়ির অবিনাশী শিক্ষা।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.