বাগেরহাটের ফকিরহাটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটের দিকে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে আমির হামজা সাথিলের চাচা ও পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন। ওই সময় মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হওয়ায় ঘরবাড়ি বা কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এদিকে, হামলার ছয় সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে মোটরসাইকেল আরোহী দুই যুবককে বোমা নিক্ষেপ করে পালিয়ে যেতে দেখা যায়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.