ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মারা গেছেন।
নিহত কালাচাঁন শেখ (৩৪) ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আগুনের বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেখানে কর্মরত উপপরিদর্শক (এসআই) শম্পা জানান, অগ্নিকাণ্ডে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.