গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবাইকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপে এ কথা বলেন তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করার প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। দলীয় প্রতীকে না হলেও রাজনৈতিক দলের প্রভাব থাকে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নির্বাচনি মাঠে শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে প্রধান নির্বাচন কমিশনার একটি মন্তব্য প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, সব খেলোয়াড় যদি ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামে, তবে রেফারির পক্ষে ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়। নির্বাচনি মাঠে কেউ যেন ফাউল করতে না পারে এবং কেউ করতে চাইলে রাজনৈতিক নেতারা যেন পাশে থেকে তা প্রতিহত করেন।
স্থানীয় সরকার নির্বাচনের দীর্ঘমেয়াদী পরিধি তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে। জাতীয় নির্বাচনের মতো স্বল্প সময়ের কাজ নয় এটি; বরং বছরব্যাপী একটি ধারাবাহিক কর্মকাণ্ড। তাই দীর্ঘমেয়াদী ও টেকসই কৌশল নির্ধারণে রাজনৈতিক দলগুলোর বাস্তবসম্মত পরামর্শ প্রত্যাশা করেন তিনি।
একইসঙ্গে মৌলভীবাজারে চা-বাগান শ্রমিকদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের উদাহরণ তুলে ধরে সিইসি বলেন, শ্রমিকরা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তবে সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় সরকার নির্বাচনও শান্তিপূর্ণভাবে করা সম্ভব।
ইসি জানায়, আগামীকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। সংলাপে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাওয়ার পাশাপাশি পরবর্তীতে আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.