খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা তা কঠোরভাবে প্রতিহত করবেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা সৃষ্টিকারীদের আটক করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হাসান বাপ্পী বলেন, হাজার হাজার রাজনৈতিক কর্মী ও ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় অভিযুক্তদের পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনা হবে না। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে দলীয় কার্যালয় পুড়িয়ে অগ্নিসন্ত্রাস শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দাকোপে একাধিক গায়েবি মামলা দিয়ে শত শত নেতাকর্মীকে জেল-জুলুম ও নির্যাতন করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দাকোপ উপজেলাকে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ সাজানোর উদ্যোগ নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। বিএনপির নেতাকর্মীদেরও নিজ নিজ এলাকায় সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
পুলিশ প্রশাসনের উদ্দেশে মনিরুল হাসান বাপ্পী বলেন, আবেগতাড়িত হয়ে কথা না বলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী। তাকে আইনের আওতায় এনে কঠোরভাবে দমন করতে হবে। বিগত ১৭ বছরে যারা জুলুম, নির্যাতন ও হয়রানি করেছে এবং কেন্দ্র দখল করে বিনা ভোটে জনপ্রতিনিধি হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ভীতি ছড়িয়ে যারা আতঙ্ক সৃষ্টি করছে, তাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা প্রজাতন্ত্রের কর্মচারী। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব হোসেন মোল্লা। উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সদস্যসচিব আল-আমিন সানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকরামুল সানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাহাঙ্গীর আলম ও দীপক কুমার, শহিদুল ইসলাম, বাচ্চু ফকির, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব কাজী, বিল্লাল হোসেন মোল্লা ও হাফিজুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.