গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও সংসদ সদস্যের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে টুঙ্গিপাড়া থানার কার্যক্রম। নিরাপত্তার স্বার্থে ব্যারাক থেকে ফিরে যাচ্ছে পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয়েছে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংক। ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো গোপালগঞ্জ জেলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে বন্ধ রয়েছে থানার কার্যক্রম। হামলার সময়ই থানা থেকে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের ৯টি সরকারি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে। নিরাপত্তার ঘাটতি থাকায় ব্যারাক থেকে মালামাল নিয়ে ফিরে যায় পুলিশ সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে এখনো ধোঁয়া উড়ছে। মধুমতি নদীর তীরে আড়াই তলা পাকা বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। কিছুই আর অক্ষত নেই। পাশেই তাঁর পৈতৃক টিনের ঘরও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ ১৪ জন আত্মীয় স্বজনের বাড়ি পোড়ানো হয়েছে। বেশিরভাগ বাড়ি টিনের তৈরি।
এদিকে টুঙ্গিপাড়া থানায় গিয়ে যায়, সেখানে কোনো পুলিশ সদস্য নেই। পাশের পুলিশ অফিসার্স মেস থেকে জিনিসপত্র নিয়ে ভ্যানে করে চলে যাচ্ছিলেন সেখানে থাকা পুলিশ সদস্যরা। ভ্যানে থাকা জিনিসপত্রের মধ্যে সরকারি আগ্নেয়াস্ত্র, পুলিশের হেলমেট এগুলো দেখা গেছে। পুলিশ সদস্যরা সবাই ছিলেন সাদা পোশাকে।
একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন। তবে তারা তাদের গন্তব্য জানাননি।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই আবারো উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। জেলার বিভিন্ন স্থানে মিছিল করে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কাশিয়ানীতে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আড়াই বছর পর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগে অফিস খুলে দেয় নেতাকর্মীরা। দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক নামের ব্যানার টাঙিয়ে দেয় তারা। আওয়ামীপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে আদালত বর্জন করে।
স্থানীয় সংবাদকর্মীদের ভাষ্য অনুযায়ী, খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনার সূত্রপাত। সন্ধ্যার পর থানা ঘেরাও করতে জড়ো হন আওয়ামী লীগে-ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। একই সময়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টুঙ্গিপাড়ায় উদ্দেশ্যে যাওয়ার পথে নিলফা এলাকায় যৌথ বাহিনীর গাড়ি আটকে দেয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পরে স্থানীয়রা। ৫টি গাড়িতেও আগুন দেওয়া হয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন।
অন্যদিকে, কাশিয়ানী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর করে আগুন দেওয়া হয়। সদর উপজেলার বৌলতলীতে এবং কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলের সামনে পড়ে পুলিশের পরিদর্শক আবু আলম হামলার শিকার হন। তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এরই মধ্যে কোটালীপাড়ায় প্রায় আড়াই বছর পর খুলেছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। সেখান থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানান।
অন্যদিকে, টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাইরে পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টাঙিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে বিকালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে পূর্বেন নাম গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামের ব্যানার টাঙিয়ে দেয়। গোপালগঞ্জ সদরে ও বিক্ষোভ মিছিল হয়েছে। আওয়ামী লীগে সমর্থক আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন। দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এক রাতের সহিংসতা কাটিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আগামীকালের লকডাউন কর্মসূচিকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক কর্মসূচি ঘিরে আর কোনো সংঘাত নয়, বরং ফিরে আসুক শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা।
এদিকে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ১১ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের মোতায়েনের করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে জেলা শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেলেও মানুষের মধ্যে কাটেনি আতঙ্ক। সড়কে যানবাহন চলাচল করছে করেছে খুবই কম, খুলেছে কিছু দোকানপাট। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের চলাফেরায়ও সতর্কতা লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে আগামী ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোপালগঞ্জ জুড়ে। টুঙ্গিপাড়া ও সদর ছাড়িয়ে কাশিয়ানী, কোটালীপাড়া অন্যান্য উপজেলাতেও পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উৎকণ্ঠায় সাধারণ মানুষ।
সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী বলেন, বাড়িতে তিন বোন ও তাদের ছেলেমেয়েরা ছিলেন। মঙ্গলবার রাত ৯ টার দিকে কয়েকশ’ লোক লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে ছুটে আসে। তখন আমরা প্রাণভয়ে পালিয়ে যাই।
সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন ও ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসকান্দার শেখ জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপর আমরা ঘটনাস্থলে যেতে পারেননি। স্টেশনের সামনেই বিক্ষোভ করায় আমরনা অবরুদ্ধ হয়ে পরি। পরে রাত ৯টা ৫৫ মিনিটে সংসদ সদস্যের বাড়িতে পৌঁছে দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
টুঙ্গিপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) পলাশ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানার কোনো কার্যক্রম নেই। থানা তো পুড়িয়ে দিয়েছে। পুলিশ সদস্যরা যে যার মতো নিরাপদে আছে। কেউ কেউ পুলিশ লাইনে চলে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা রয়েছে, সব পুলিশ সদস্য নিরাপদ স্থানে থাকবেন।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.