
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গতকাল মঙ্গলবার রাত থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুরে থানায় গিয়ে পুলিশ সদস্যদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার, ছড়িয়ে–ছিটিয়ে থাকা কাচের টুকরা আর বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে।
থানার কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে জানতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।
আজ দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, টুঙ্গিপাড়া থানায় ভবনের প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ; তবে তালা দেওয়া নেই। ভেতরে গিয়ে দেখা যায়, থানার বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন। ওসির কক্ষ বেশি ক্ষতিগ্রস্ত। ভেতরে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অবয়ব পড়ে রয়েছে।
ডিউটি অফিসারের (কর্তব্যরত কর্মকর্তা) কক্ষে টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা কাচের টুকরা। একটি ডেস্কটপ কম্পিউটারও ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশেই হাজতখানা। কক্ষ দুটির তালা ভাঙা এবং দরজা খোলা। ওসির কক্ষের পাশের বড় কক্ষটি উপপরিদর্শকদের (এসআই) কার্যালয়। সেখানে কম্পিউটারগুলো ভাঙচুর করা হয়েছে। আগুনে পুড়ে গেছে বই, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব।
থানার দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও একই চিত্র। সেখানে পুলিশ সদস্যদের পোশাক, তোশক, কম্বল ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে পড়ে রয়েছে। দুই উপপরিদর্শক (এসআই) সাধারণ পোশাকে জিনিসপত্র খুঁজছিলেন। নিচতলায়ও দুই পুলিশ সদস্যকে সাধারণ পোশাকে জিনিসপত্র খুঁজতে দেখা যায়।
এক পুলিশ সদস্য বলেন, গতকাল সন্ধ্যার দিকে আটজনকে গ্রেপ্তার করার পর এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষুব্ধ লোকজনকে আর নিয়ন্ত্রণ করা যায়নি। তাঁরা থানায় এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
বেলা তিনটার দিকে থানা থেকে পুলিশের দুই সদস্য দুটি ট্রাংক ও আরেক পুলিশ সদস্য একটি পোড়া মোটরসাইকেল ভ্যানে নিয়ে যান।
পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল পুলিশের মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে থানায় হামলার সময় বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। তবে ছিনিয়ে নেওয়া অস্ত্রের কিছু ইতিমধ্যে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, থানায় পুলিশের নিজস্ব অস্ত্র ছাড়া সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র এবং অন্য জেলা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্র ছিল। হামলার সময় এসব অস্ত্রের মধ্য থেকে বেশ কিছু অস্ত্র নিয়ে যান বিক্ষোভকারীরা। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে কিছু অস্ত্র ফেরত দিয়েছেন। কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। এখন অল্প কয়েকটি অস্ত্র নিখোঁজ থাকতে পারে। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।
গতকাল সন্ধ্যার পর থানায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আটজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে থানায় জড়ো হয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.