Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
Jashore

গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের

যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ ধরনের অপশক্তিকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্ত...

Read on Dainik Jessore Link copied
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
Photo: Dainik Jessore

যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ ধরনের অপশক্তিকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।
সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে তিনি লক্ষ্য করেছেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা বিধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্পিকার বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন স্পিকার। অধিবেশন পরিচালনায় সহযোগিতার জন্য সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
পরে অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে চতুর্থ অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন স্পিকার।
চতুর্থ অধিবেশনে ৮ বৈঠক, পাস ৪ বিল : গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশনে মোট আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে সংসদে চারটি বিল উপস্থাপিত হয় এবং চারটি বিলই পাস হয়েছে। এ ছাড়া তিনটি সংসদীয় কমিটি পুনর্গঠন এবং একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
অধিবেশনে সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে নোটিশ দেন। এর মধ্যে ৪২, ৬০, ৬২, ৬৮, ৭১, ৭৮, ৮২, ১৩১, ১৩৭, ১৪৭, ১৬৪ ও ৩০২ বিধির নোটিশ ছিল। অধিকাংশ নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে ১৭৪ প্রশ্ন, উত্তর দিয়েছেন ১৭টির : অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্তরদানের জন্য মোট ১৭৪টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দিয়েছেন। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য সংসদ সদস্যদের কাছ থেকে মোট ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে মন্ত্রীরা ২ হাজার ১৬৯টি প্রশ্নের উত্তর দিয়েছেন।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original