অনলাইন ডেস্ক: ইরানের কাছ থেকে জীবননাশের হুমকি পাওয়ার পর নিরাপত্তার কারণে নিজ বাড়ি ছেড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে ইরানের হুমকিতে তিনি ভীত নন বলে জানিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ইরানের হুমকিতে তাঁর ভয় পাওয়ার কোনো কারণ নেই। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাসদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নিয়মিত হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নিজের নিরাপত্তা প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী বলেন, ইরান কোণঠাসা হয়ে পড়া কোনো পশুর মতো উগ্র আচরণ করছে। এ কারণে তিনি গোয়েন্দা সংস্থার নির্দেশনা অনুসরণ করছেন এবং নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন।
বেসেন্টের দাবি, ২০২৫ সালের জানুয়ারিতে তাঁর জর্জটাউনের বাড়ির ওপরের একটি ছবি প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এ ধরনের ছবি প্রকাশের ফলে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়েছে। তাই সংবাদমাধ্যমগুলোকে এ ধরনের ছবি প্রকাশ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক চাপের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরোপের পাশাপাশি স্থল অবরোধের উদ্যোগ নেওয়ার বিষয়েও তিনি অগ্রণী ভূমিকা রাখছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: সিএনবিসি
The post ইরানের হুমকিতে ভয় নেই, নিরাপত্তার কারণে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.