খুলনায় শীর্ষ একটি সন্ত্রাসী সংগঠনের পরিচয় দিয়ে ইট-বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। দাবীকৃত চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয় তারা। এছাড়া সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে চাঁদা দাবি করা হলে এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক থানায় মামলা দায়ের করেন। এদিকে হুমকির মুখে নগরীর অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলতে দেখা গেছে। প্রতিষ্ঠানের সামনে পুলিশ পাহারা থাকা সত্ত্বেও নিরাপত্তার স্বার্থে তারা দোকান খুলছেন না।
খুলনা মহানগর ইট-বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে আমার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক ফোন আসতে থাকে। না ধারায় আমার স্ত্রীকে ফোন দেয় তারা। ফোনে এক ব্যক্তি নিজেকে খুলনা শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান বলে পরিচয় দেয়। পরবর্তীতে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের চাহিদা মোতাবেক চাঁদার টাকা প্রদানে অপারগতা প্রকাশ করায় আমাকে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার সাথে আলোচনা করেন তিনি। ঘটনাটি থানায় অবগত করার জন্য পরামর্শ দেন ওই নেতা। কিন্তু জীবনের নিরাপত্তার কথা ভেবে তিনি থানায় অবগত করেননি। পরবর্তীতে ওই ব্যবসায়ী ও তার স্ত্রী’র মোবাইল নম্বরটি বন্ধ রাখেন। তিনি আরও বলেন, বাড়ি ভাড়ার সাইনবোর্ড থেকে সন্ত্রাসীরা নম্বর সংগ্রহ করে তাদের ফোন দেয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন রিপন বলেন, এ ধরনের কোনো খবর আমার জানা নেই। থানায় বিষয়টি অবগত করলে ব্যবস্থা নেওয়া হবে। ভয় না পেয়ে মানুষকে সামনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জনসাধারণে জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। ভয় না পেয়ে পুলিশকে জানান।
সোনাডাঙ্গার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানকে ফোন দিয়ে গত ৮ নভেম্বর মোটা অঙ্কের চাঁদা দাবি করে এক সন্ত্রাসী। এ ব্যাপরে তিনি মামলা দায়ের করেন। এঘটনায় ১০ নভেম্বর রাতে সোনাডাঙ্গা থানার বানরগাতি থেকে সন্ত্রাসী ফয়সাল মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ডা. গাজী মিজান বিষয়টি থানাকে অবগত করলে পুলিশ মঙ্গলবার ফয়সালকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
এদিকে হুমকির মধ্যে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর তালা এখনও খোলেনি মালিকপক্ষ। গতকাল বুধবার দুপুরে রূপসা স্ট্যান্ড রোডে গিয়ে মাল্লিক ব্রাদার্স এন্ড ফার্মেসীর গেটে তালা ঝুলানো দেখা যায়। এছাড়া ওই ভবনে থাকা আরও কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়।
মল্লিক ব্রাদার্স এর মালিক রাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিক ১৪ অক্টোবর রাতে আমাকে ফোন দেন। এ সময়ে তিনি আমার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু বিষয়টি আমি গায়ে লাগায়নি। ৮ নভেম্বর রাতে মোটরসাইকেল যোগে ৮ জন ব্যক্তি প্রতিষ্ঠানের সামনে আসেন। তারা বাহিনী প্রধান আশিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে বলেন। কিন্তু সেটা করতে না চাইলে তারা আমার সাথে জোরজুরি করেন। এক পর্যায়ে আশিকের সাথে কথা বলি। তিনি আমার কাছে পুনরায় ৩০ লাখ টাকা দাবি করে দু’দিনের সময় বেঁধে দেন। বিষয়টি পরিবারের সাথে কথা বলে নিরাপত্তার কথা চিন্তা করে দোকানটি বন্ধ করে দেন ওই ব্যবসায়ী। থানা পুলিশ একাধিকবার যোগাযোগ করেছে। তাদের জানিয়ে কোনো লাভ হবে না বিধায় থানায় যাননি তিনি। বিষয়টি তিনি আল্লাহর ওপর ছেড়ে দেন। আল্লাহ তাদের হেদায়েত দান করুন।
তিনি বলেন, আমি একজন ঋণগ্রস্ত মানুষ। তারা যে অর্থ দাবি করেছেন তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এছাড়া টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে চাঁদা দাবির পর থেকে এখনও বন্ধ রয়েছে। বাড়ির সামনে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। চয়নিক থেকে কয়েকশ’ গজ দূরে রয়েছে জাহিদ ইলেকট্রিক। তার কাছেও চাঁদা দাবি করে খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান। এরপর থেকে মায়ের অসুস্থতার কথা বলে দোকানটি বন্ধ রেখেছে জাহিদ।
মল্লিক ফার্মেসির নিরাপত্তার জন্য দোকানের সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন রিপন।
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.