
জেন্ডার সমতা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে খুলনায় নিয়োগকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ইউসেপ’র খুলনা অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রিভেট প্রকল্পের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনেরা অংশ নেন।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইনস্টিটিউট এর হেড অব টিভিইটি ইনস্টিটিউট , জনাব দুলাল চন্দ্র গোলদার, তিনি বলেন, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে নিয়োগকর্তা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা পর্বে লিঙ্গ সমতা, কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় তুলে ধরেন জুট টেক্সটাইল মিলস লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক, জনাব এস এম শহীদুল আলম । তিনি বলেন, নারীদের পাশাপাশি প্রতিবন্ধী কর্মীদের জন্যও নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।
যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য দেন ইউসেপ খুলনা অঞ্চলের সামাজিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান বিভাগের অফিসার আয়শা সিদ্দিকা হুমায়রা । তিনি কর্মক্ষেত্রে এসব বিষয়কে স্বাভাবিক ও মর্যাদার সঙ্গে দেখার আহ্বান জানান।
শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহের প্রভাব নিয়ে বক্তব্য দেন ইউসেপ খুলনা অঞ্চলের সামাজিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. মনিরুজ্জামান । তিনি বলেন, বাল্যবিবাহ নারীদের শিক্ষা ও কর্মজীবনে বড় বাধা হয়ে দাঁড়ায়।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। নিরাপদ ও সমতাভিত্তিক কর্মপরিবেশ নিশ্চিত করতে যৌথ উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন ও সমাপনী বক্তব্য দেন ইউসেপ খুলনা রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব আব্দুল্লাহ আল মামুন।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.