যশোরের চৌগাছায় বিয়ের মেহেদী উৎসব শোকে পরিণত হয়েছে। এদিন বড় জামাইয়ের হাতে খুন হয়েছেন শ্বশুর!। যা এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় পরিণত হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, এদিন উপজেলার ইলিশমারি গ্রামে মেয়ের বিয়ের গায়ে হলুদের আয়োজন চলছিল। আত্মীয় স্বজনকে দাওয়াতও করা হয়েছিল। চলছিল বিয়ের আনন্দ ভাগাভাগির প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল শ্বশুর মোতালেব হোসেনের (৬০)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মোতালেব হোসেন উপজেলার ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এ উপলক্ষে বড় মেয়ের স্বামী আনোয়ার হোসেনকেও (৩৫) দাওয়াত দেওয়া হয়েছিল। আনোয়ারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় কিছু টাকা দিতে মঙ্গলবার সকালে শ্বশুর নারায়ণপুর গ্রামে জামাইয়ের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার বড় মেয়েকে মারধর করছেন জামাই আনোয়ার হোসেন। এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে আনোয়ারের সাথে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেন লাঠি দিয়ে শ্বশুর মোতালেবের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোতালেবের পরিবারের বিয়ের আনন্দ শোকে পরিণত হয়েছে। যে বাড়িতে ছোট মেয়ের হাতে বিয়ের মেহেদী থাকার কথা। সেই বিয়ের আয়োজন ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে এখন পিতার মৃত্যুর শোক ও স্বজনদের আহাজারি চলছে।
চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন সিকদার বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.