জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৬ জানুয়ারি। সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ইনকোর্স পরীক্ষা ১৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা ২০২৭ সালের ৬ থেকে ২১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আগে ভর্তি হওয়া যেসব শিক্ষার্থী পূর্বে পরীক্ষায় অংশ নেননি, তাঁদের ক্ষেত্রেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নিয়ম প্রযোজ্য হবে।
ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি ও অনলাইনে পাঠানোর সময় পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নম্বর অনলাইনে পাঠানোর পর নম্বরপত্রের প্রিন্ট কপি, মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরা শিট গুছিয়ে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে কিংবা ডাকযোগে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, ইনকোর্স পরীক্ষার নম্বর ১০ এবং অ্যাসাইনমেন্টের নম্বর ৫। উভয় পরীক্ষায় একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে এবং উপস্থিতির জন্য ন্যূনতম ৩ নম্বর পেতে হবে। এসব শর্ত পূরণ না করলে চূড়ান্তভাবে পরীক্ষার ফরম পূরণের যোগ্য বিবেচিত হবেন না শিক্ষার্থীরা।
এ ছাড়া আগে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছেন অথবা মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেবেন, এমন শিক্ষার্থীদের নতুন করে ইনকোর্স পরীক্ষা দিতে হবে না। তাঁদের আগের ইনকোর্স পরীক্ষার নম্বর স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার নম্বরের গড় করে চূড়ান্ত নম্বর তৈরি করে অনলাইনে জমা দিতে হবে। ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতির নম্বর ছাড়া পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।
নম্বর অনলাইনে একবার জমা দেওয়ার পর তা পরিবর্তন বা নতুন করে ইনপুট দেওয়ার সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ের পর নম্বর এন্ট্রির লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেসব নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করা থাকবে, শুধু তাঁদের নামই ২০২৬ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তালিকায় (প্রবেবল লিস্ট) পাওয়া যাবে।
এ ছাড়া দুটি ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র পৃথক প্যাকেটে করে একসঙ্গে পাঠাতে হবে। প্যাকেটের ওপর লাল কালিতে বড় করে ‘২০২৬ সালের অনার্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষা’ লিখতে হবে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.