কর্মক্ষেত্রে জেন্ডার সমতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে খুলনায় নিয়োগকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার মূল লক্ষ্য নিয়ে ইউসেপ বাংলাদেশ এই সংলাপটি আয়োজন করে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রিভেট প্রকল্পের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন অংশীজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইনস্টিটিউটের প্রধান দুলাল চন্দ্র গোলদার। তিনি বলেন, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে নিয়োগকর্তা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী আলোচনা পর্বে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা, অন্তর্ভুক্তি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় তুলে ধরে বক্তব্য দেন জুট টেক্সটাইল মিলস লিমিটেড-এর উপ-মহাব্যবস্থাপক এস এম শহীদুল আলম। তিনি বলেন, নারীদের পাশাপাশি প্রতিবন্ধী কর্মীদের জন্যও নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং সামগ্রিক মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ইউসেপ খুলনা অঞ্চলের সামাজিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান বিভাগের কর্মকর্তা আয়শা সিদ্দিকা হুমায়রা। তিনি কর্মক্ষেত্রে এসব স্পর্শকাতর বিষয়কে স্বাভাবিক ও মর্যাদার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান।
এ ছাড়া শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে বক্তব্য দেন একই বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি উল্লেখ করেন, বাল্যবিবাহ নারীদের শিক্ষা ও কর্মজীবনের বিকাশকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করে।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী প্রতিনিধিরা তাদের নিজ নিজ মতামত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সভায় নিরাপদ ও সমতাভিত্তিক কর্মপরিবেশ তৈরিতে যৌথ উদ্যোগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালা বাস্তবায়নের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। সভার সার্বিক আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.