Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Environment

জোয়ার-ভাটার সঙ্গে লড়াই করেই কাটছে জীবন

ভোরের আলো ফোটার আগেই নদীর পাড়ে ছুটে যান আবুল তরফদার। হাঁটুর কাছে গোটানো প্যান্ট, পায়ের নিচে ভেজা কাদামাটি, হাতে দড়ি আর জাল। বয়স ৭৫ পেরিয়েছে। মাথার চুল ও দাড়িতে পাক […]

Read on Khulna Gazette Link copied
জোয়ার-ভাটার সঙ্গে লড়াই করেই কাটছে জীবন
Photo: Khulna Gazette

ভোরের আলো ফোটার আগেই নদীর পাড়ে ছুটে যান আবুল তরফদার। হাঁটুর কাছে গোটানো প্যান্ট, পায়ের নিচে ভেজা কাদামাটি, হাতে দড়ি আর জাল। বয়স ৭৫ পেরিয়েছে। মাথার চুল ও দাড়িতে পাক ধরেছে। শরীরেও বয়সের ছাপ স্পষ্ট। তবু জীবিকার তাগিদে থেমে থাকার সুযোগ নেই তার। প্রতিদিন দুবার নদীতে জাল ফেলে বাগদা ও গলদা চিংড়ির রেণু সংগ্রহ করেন। সেই রেণু বিক্রির সামান্য আয়েই চলে তার সংসার।

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি এলাকার ছোট চণ্ডীপুর গ্রামের বাসিন্দা আবুল তরফদার। উপকূলের হাজারো মানুষের মতো তার জীবনও নদীর জোয়ার-ভাটার সঙ্গে বাঁধা। নদীই তার জীবিকার একমাত্র অবলম্বন।

আবুল ও তার স্ত্রী আনোয়ারার পাঁচ ছেলে। সবাই বিবাহিত এবং বড় চার ছেলে নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। ছোট ছেলে খুলনার দৌলতপুরে পড়াশোনা করছেন। তার স্ত্রী ও একমাত্র সন্তান থাকেন আবুলের সংসারেই। ছেলের লেখাপড়ার খরচ চালাতে প্রতি মাসে বাড়ি থেকে টাকা পাঠাতে হয়। যদিও ছেলে টিউশনি করে নিজের খরচের কিছুটা জোগানোর চেষ্টা করেন, তবু পুরো ব্যয় সামাল দেওয়া সম্ভব হয় না। বাকি দায়িত্ব নিতে হয় বৃদ্ধ বাবাকেই। সন্তানের পড়াশোনা ও পরিবারের ভরণপোষণের তাগিদেই এই বয়সেও তাকে নদীতে জাল টানতে হয়।

আবুল জানান, রেণু বিক্রি করে প্রতিদিন কখনো ৩০০, কখনো ৫০০ টাকা আয় হয়। এই সামান্য টাকাতেই সংসারের যাবতীয় খরচ চালাতে হয় তাকে।

২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলা তার জীবনে নামিয়ে আনে ভয়াবহ বিপর্যয়। উপকূলের অসংখ্য মানুষের মতো আবুলের বসতঘরটিও সম্পূর্ণ বিধ্বস্ত হয়। হারান মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। প্রায় দুই বছর চরম দুর্ভোগের মধ্যে কাটানোর পর ধারদেনা ও নিজের শ্রমে আবারও ঘর নির্মাণ করেন তিনি।

আবুলের অভিযোগ, আইলার পর তৎকালীন সংসদ সদস্যের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় একটি দালালচক্র সেই টাকা আত্মসাৎ করায় বরাদ্দের অর্থ তার হাতে পৌঁছায়নি। ঘর হারানোর পরও সরকারি সহায়তা না পেয়ে নিজের চেষ্টাতেই ঘুরে দাঁড়াতে হয়েছে তাকে।

আক্ষেপ করে আবুল বলেন, “সরকার আমাকে একটা বয়স্ক ভাতার কার্ড দিয়েছে। আমার স্ত্রীও বৃদ্ধ। সরকার যদি তাকেও একটি বয়স্ক ভাতার কার্ড দিত, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো।”

পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, “আইলার সময় সংসদ সদস্যের বরাদ্দ করা টাকা প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল। কিন্তু সরকারি এ বরাদ্দ হঠাৎ বন্ধ হয়ে যায়। তখন প্রায় ৮০০ জন এই টাকা পাননি। বিষয়টি নিয়ে আদালতে রিট করা হলেও কোনো সুরাহা হয়নি।”

বয়স্ক ভাতার কার্ডের বিষয়ে তিনি বলেন, “যোগ্য মানুষের সংখ্যা অনেক। কিন্তু প্রতি ১০০ জনের বিপরীতে কার্ড আসে মাত্র ১০টি। কাকে রেখে কাকে দেব, সেটাই সমস্যা। আবেদন করলে যত দ্রুত সম্ভব কার্ডের ব্যবস্থা করার চেষ্টা করব।”

উপকূলের মানুষের কাছে আইলা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের নাম নয়; এটি বহু মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে গেছে। দুর্যোগের ১৭ বছর পেরিয়ে গেলেও সেই ক্ষতের ভার বয়ে বেড়াচ্ছেন অনেকে। আবুল তরফদার তাদেরই একজন। ঘর হারানোর পর নতুন করে ঘর তুলেছেন, সন্তানদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন; কিন্তু বার্ধক্যেও তার জীবনে আসেনি স্বস্তি।

৭৫ বছর বয়সেও প্রতিদিন নদীতে নেমে জীবিকার সন্ধান করতে হয় তাকে। নদীর জোয়ার-ভাটার সঙ্গে লড়াই করেই কাটছে তার দিন। অথচ এই বয়সে তার প্রয়োজন একটু নিশ্চিন্ত জীবন, প্রয়োজন সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সহায়তা। আবুলের মতো অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original