টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, একই চ্যানেলের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে মধ্যরাতে ছেড়ে দিয়েছে ডিবি।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর জিজ্ঞাসাবাদে রাজীব ঘোষের বিরুদ্ধে কিছু না পাওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়ার তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তখন তিনি বলেছিলেন, ইকবাল সোবহান চৌধুরী বিকেলে অফিসে যাওয়ার পর সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি এড়াতে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এ সময় আরও একজনকে সেখানে নেয়া হয়। তাদের সঙ্গে কথা বলছে ডিবি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ইকবাল সোবহান চৌধুরী বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের চেয়ারম্যান ছিলেন। পরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়া হয়। তবে এরপরও তিনি মাঝেমধ্যে কার্যালয়ে যাতায়াত করতেন। বুধবার দুপুরে অফিসে গিয়ে নিজেকে ডিবিসি নিউজের চেয়ারম্যান বলে দাবি করেন তিনি। একপর্যায়ে বেলা ৩টার দিকে কার্যালয় থেকে বের হলে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। একই সময় চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও নিয়ে যাওয়া হয়।
এদিকে, বুধবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া পর্যালোচনা-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তিনি আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.