খুলনা মহানগরীতে সন্ত্রাসীদের চাঁদাবাজি ও তান্ডব চলছেই। গত এক মাসে দাবিকৃত মোটা অঙ্কের চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা অন্তত ৫টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং একটি অভিজাত রেস্তোরাঁয় হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে। কোথাও কোথাও কোচিং সেন্টারের শিক্ষক, চিকিৎসকদের হুমকি এবং ফাঁকা গুলি বর্ষণের ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি এ চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও কিছুতেই থামছে না এই তাণ্ডব। ফলে ভুক্তভোগী ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনে এখন একটিই বড় প্রশ্ন দেখা দিয়েছে ‘কাদের প্রশ্রয়ে বেপরোয়া চাঁদাবাজরা?’
খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাসে ধারাবাহিকভাবে এই হামলাগুলো চালানো হয়। অক্টোবরের মাঝামাঝি প্রথমে রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিকে হামলা হয়। এরপর ২৪ অক্টোবর রাতে বাবু খান রোডের সন্ধানী ক্লিনিকে মুখোশধারী সন্ত্রাসীরা হামলা চালায়। তারা চিকিৎসকের চেম্বার ভাঙচুর করে এবং ফাঁকা গুলি ছোড়ে। এর চার দিন পর, ২৮ অক্টোবর বিকেলে আহসান আহমেদ রোডের ‘চাইনিজ প্যালেস’ রেস্তোরাঁয় ঢুকে চাঁদা না পেয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
সন্ত্রাসীদের তাণ্ডব এখানেই থামেনি। গত ৩ নভেম্বর সন্ধ্যায় সামসুর রহমান রোডের ‘রংধনু ক্লিনিক’ এবং ‘আব্দুল্লাহ প্যাথলজি’-তে হানা দেয় চাঁদাবাজরা। প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তারা সরাসরি ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সবশেষ গত শনিবার দুপুরে পিটিআই মোড়ের ‘নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে’ চাইনিজ কুড়াল নিয়ে হামলা চালায় পাঁচ যুবক। তারা হাসপাতালের এসি, টেলিভিশন ও কাউন্টার ভাঙচুর করে এবং লাখ লাখ টাকার ক্ষতিসাধন করে।
খুলনায় একের পর এক চিকিৎসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা রহস্যজনকভাবে অনেকটা নীরব। সামাাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় অনেকে কড়া কথা বললেও মাঠে এর কোনো প্রভাব পড়ছে না। স্বাভাবিকভাবেই মানুষের মাঝে এ নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে।
খুলনায় ব্যবসায়ীদের হয়রানি, ভাঙচুর এবং অকারণে ২৪ ঘণ্টা খোলা ওষুধের দোকান বন্ধ করে দেওয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি রবিবার বলেছেন, সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, তবে তারা জনপ্রতিনিধি হিসেবে নিজেরাই মাঠে নামবেন।
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে হুইপ উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা খুবই উদ্বিগ্ন। এ ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমান্ত্রীকে বলেছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় এবং দ্রুততার সাথে এ পরিস্থিতির সমাধান দেখতে চান বলে জানিয়েছেন। সাধারণ জনমনে আতঙ্ক দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে চান তিনি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো ধরনের অজুহাত শুনতে চান না। ‘আমরা আশাবাদী এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তারা আছেন, হয় তারা এ সমস্যার সমাধান করবেন, না হয় তারা আত্মসমর্পন করে চলে যাবেন। এর কোনো বিকল্প নেই।’ দৃঢ়তার সাথে বলেন হুইপ।
হামলা ও ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে গিয়ে রবিবার কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ব্যবসায়ীরা যাতে কোনো ভয়ভীতি ছাড়া ব্যবসা করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। রাজনৈতিক বা প্রশাসনিক কোনো মহলের অবৈধ আঁতাত বরদাশত করা হবে না। প্রশাসনকে কঠোরভাবে পরিস্থিতি দমন করতে হবে। পুলিশ প্রশাসন অবশ্য তাদের তৎপরতার কথা জানিয়েছে।
এ বিষয়ে সুজন’র খুলনা জেলা সম্পাদক এ্যাড. কুদরত ই খুদা বলেন, খুলনাঞ্চলে অপরাধ ও সন্ত্রাসী তৎপরতা যেভাবে বৃদ্ধি পেয়েছে, তার সঠিক কারণ ও প্রেক্ষাপট নির্ণয় করা অত্যন্ত কঠিন। তবে বর্তমান পরিস্থিতিতে পুলিশ অত্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, যা অস্বীকার করার উপায় নেই। পুলিশ যদি সক্রিয় থাকত, তবে অপরাধীরা এমন সুযোগ পেত না। অতীতে পুলিশ যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত ছিল, বর্তমান সময়েও পুলিশ সেই রাজনৈতিক প্রভাব বা নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি বের হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। স্বাধীনভাবে কাজ করার সেই ভীতি এবং জড়তাই পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে।
তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর জোরালো ও দৃঢ় প্রতিশ্রুতি অত্যন্ত জরুরি। এই মুহূর্তে দেশজুড়ে যে একধরনের সন্ত্রাসের মহামারী বা অস্থিতিশীলতা চলছে, তা থেকে উত্তরণের জন্য সব রাজনৈতিক দলকে দলীয় বিভেদ ভুলে একত্রে যৌথভাবে বিবৃতি দেওয়া উচিত এবং এর বিরুদ্ধে সরাসরি আন্দোলন ঘোষণা করা উচিত। কারণ বর্তমান পরিস্থিতি সাধারণ সময়ের চেয়ে সম্পূর্ণ আলাদা। শুধু পুলিশ একা এই পরিস্থিতি সামাল দিতে না পারলে সরকারের তরফ থেকেও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কেন্দ্রীয় সরকার থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট বিবৃতি বা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। এই সংকট উত্তরণে আপৎকালীন সময়ের জন্য সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে একটি যৌথ বাহিনী গঠন করে কঠোর হাতে অপরাধ দমন করা আবশ্যক।
কুদরত ই খুদা বলেন, হঠাৎ করে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার মূল কারণ হলো অপরাধীরা এখন পুরোপুরি নিয়ন্ত্রণহীন। পুলিশ যেভাবে তাদের নিয়ন্ত্রণ করার কথা, তা পারছে না এবং রাজনৈতিক দলগুলোও তাদের দমনে সেই ধরনের কার্যকর ভূমিকা নিতে পারছে না। এর পাশাপাশি আদালত থেকে কিছু আসামি গ্রেপ্তার হওয়ার পরেও খুব সহজে জামিনে বের হয়ে যাচ্ছে। আদালতের কার্যক্রম নিজস্ব আইনি গতিতে চললেও, বর্তমান সামাজিক পরিবেশ ও পরিস্থিতি বিশ্লেষণ করে আইনের শাসন বা ন্যায়পরতার (ইক্যুইটি) জায়গা থেকে আদালতের আরও কঠোর দৃষ্টিভঙ্গি দেখানো প্রয়োজন, যাতে এই ধরনের আসামিরা সহজে বের হয়ে এসে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে।
তিনি আরও বলেন, বর্তমানে অপরাধীদের দৌরাত্ম্য শুধু মাঠপর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং তা ইন্টারনেটেও ছড়িয়ে পড়েছে। অপরাধীরা ফেসবুকে নানা ধরনের নেটওয়ার্ক ও গ্যাং তৈরি করে অপরাধের মাত্রা এবং পরিধি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গোয়েন্দা সংস্থা ও পুলিশ খুব ভালোভাবেই জানে কারা এই সন্ত্রাসী গ্রুপগুলো পরিচালনা করছে এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত আছে। কিন্তু তাদের সুনির্দিষ্টভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ ব্যর্থ হচ্ছে। এই চরম পরিস্থিতি থেকে রক্ষা পেতে তিন স্তরে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি জানিয়েছেন।
তার মতে প্রথমত, পুলিশ বাহিনীকে সব ধরণের জড়তা কাটিয়ে পুরোপুরি সক্রিয় ও তৎপর হতে হবে। দ্বিতীয়ত, সব রাজনৈতিক দলকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যৌথভাবে এর তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং যৌথ বিবৃতি ও আন্দোলন ঘোষণা করতে হবে। তৃতীয়ত, একদম কেন্দ্রীয়ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার থেকে এ বিষয়ে জোরালো বিবৃতি ও সুনির্দিষ্ট নীতিনির্ধারক ঘোষণা আসতে হবে।
এ প্রসঙ্গে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয়ক কমিটির সভাপতি আশরাফ উজ জামান বলেন, খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, তা সারা বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি। এই পরিস্থিতিতে খুলনার ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষ চরম আতঙ্কিত দিন কাটাচ্ছে. ইতোমধ্যে শহরের অনেক ডায়াগনস্টিক সেন্টার, ওষুধের দোকান ও সাধারণ মানুষের মোবাইলে ও দোকানে বিভিন্ন উপায়ে চাঁদা দাবি করা হচ্ছে। এর পাশাপাশি দুই-একদিন পর পর খুন ও হামলার মতো ঘটনা ঘটছে, যা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। এই নৈরাজ্য কঠোর হস্তে দমন করতে হবে এবং এর জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে।
যেহেতু তারা ক্ষমতায় আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও চান না দেশে কোনো অরাজকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, তাই সব রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের একসঙ্গে বসে একটি সুন্দর পরিকল্পনা নিতে হবে. যাতে আগামী দিনে খুলনা অশান্ত না হয়ে ওঠে এবং খুলনার মানুষের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
তিনি বলেন, বর্তমান সময়ে এই অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পেছনে কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত, খুলনায় কোনো কর্মসংস্থান নেই, শিল্প-কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে এবং মাছ কোম্পানিতেও কোনো কাজ নেই। যখন মানুষের কর্মসংস্থান ও আয়-উপার্জন থাকে না, তখন তারা বাধ্য হয়ে অন্যায় ও অবৈধ উপায়ে আয়ের পথ খুঁজতে শুরু করে, যা এই অপরাধ বৃদ্ধির একটি বড় কারণ। দ্বিতীয়ত, রাজনৈতিক নেতাদের মদদ এবং মাদকের কারবারের সঙ্গে জড়িতদের পেছনে রাজনৈতিক সদিচ্ছার অভাবও পরিস্থিতিকে জটিল করছে। এই সংকট উত্তরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উভয়কেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে আসতে হবে এবং অপরাধ দমনে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, খুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই রীতিমতো হতাশ এবং আতঙ্কের চরম পর্যায়ে রয়েছেন। এই পরিস্থিতি নিয়ে কথা বলতে বলতে এখন হতাশা ব্যক্ত করা ছাড়া আর কিছুই করার নেই। আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রথম পদক্ষেপ রাষ্ট্র ও সরকারকে নিতে হবে, তবে এ ব্যাপারে রাষ্ট্র ও সরকার এখন পর্যন্ত উদাসীন ও দায়িত্বজ্ঞানহীনের মতো পরিচয় দিচ্ছে। স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতর শর্ষের মধ্যে ভূত রয়েছে অথবা তাদের মধ্যে সাহসের ঘাটতি রয়েছে। তাদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও ইচ্ছারও যথেষ্ট ঘাটতি আছে।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজরা কখনোই কোনো না কোনো রাজনৈতিক বা প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া বৃদ্ধি পেতে পারে না। বর্তমানে প্রশ্ন উঠেছে যে এগুলো কি কেবল রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, নাকি প্রশাসনের, কিংবা উভয়ের যৌথ আশ্রয়-প্রশ্রয়ে ঘটছে। এতদিন চাঁদাবাজি নীরবে ও নিভৃতে হলেও বর্তমানে তা একদম প্রকাশ্যে রূপ নিয়েছে। চাঁদা না দিলে প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে, আবার প্রতিষ্ঠান বন্ধ রাখলেও ঝামেলা তৈরি করে চাঁদা দিয়ে তা খোলা হচ্ছে। সামগ্রিক এই পরিস্থিতিকে হিরক রাজার দেশের সঙ্গে তুলনা করা চলে। এখানে সরকারি নজরদারি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কার্যকর কার্যক্রম আপাতদৃষ্টিতে পরিলক্ষিত হচ্ছে না। মনে হচ্ছে খুলনা এখন সন্ত্রাসী ও চাঁদাবাজদের অভয়ারণ্য এবং তারা যখন খুশি যা খুশি তাই করছে। এ বিষয়ে রাষ্ট্র, সরকার বা প্রশাসনের যেন কিছু করার নেই এবং সাধারণ জনগণ আজ সম্পূর্ণ জিম্মি। এমনকি কখনো কখনো মনে হয় প্রশাসন ও সরকার বোধহয় এদের কাছে আত্মসমর্পণ করেছে।
তিনি আরও বলেন, এই সংকট উত্তরণে বা করণীয় হিসেবে প্রথমেই জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে পুলিশের মধ্যে যে ট্রমা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তী সরকার বা বর্তমান সরকার কেউই তাদের এই ট্রমা থেকে ফিরিয়ে আনার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পুলিশ বাহিনীকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, ওরিয়েন্টেশন এবং মোটিভেশনাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়নি। তাদের মধ্যে থাকা চাকরি ও দেশপ্রেমের দায়িত্বশীলতার জায়গাটি পুনরায় তৈরি করতে হবে। পুলিশের অনেক সদস্যের অভিমানের জায়গাটি রিকভার করা প্রয়োজন।
দ্বিতীয়ত, খুলনাকে বিশেষ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। প্রশাসনের বর্তমান জনবল বাড়িয়ে সেখানে প্রশিক্ষিত জনবল এবং আধুনিক টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান সন্ত্রাস ও চাঁদাবাজরা আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনেক বেশি অ্যাডভান্সড হওয়ায় তারা দ্রুত সটকে পড়তে পারে। তাদের আইডেন্টিফাই করতে অতিরিক্ত টেকনিক্যাল সাপোর্ট, জনবল ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লোক প্রয়োজন। কোথাও অভিযান চালানোর জন্য যদি হেলিকপ্টারের মতো জরুরি সহায়তার প্রয়োজন হয়, তবে তা পেতে যেন সময় না লাগেÑস্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সেই ধরনের সর্বোচ্চ অ্যালার্টনেস ও প্রস্তুতি থাকা দরকার।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, খুলনায় অন্তত ৯টি সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্যাং সক্রিয় রয়েছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ভয়ে মামলা করতে চান না। তবে সন্ধানী ক্লিনিকে গুলির খোসা পাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
পুলিশের সাঁড়াশি অভিযানের বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িতদের চিহ্নিত করেছি। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নূর আজিম বাহিনীর ৬ সক্রিয় সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মূল হোতাসহ বাকিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের মতে, রাজনৈতিক পটপরিবর্তন হলেও চাঁদাবাজদের মূল সিন্ডিকেট ও তাদের অদৃশ্য আশ্রয়দাতারা এখনো সক্রিয়। খুলনার শান্ত বাণিজ্যিক পরিবেশ ফিরিয়ে আনতে এই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের উৎসগুলো দ্রুত উপড়ে ফেলার দাবি নগরবাসীর।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.