খুলনায় পরিত্যক্ত বাসে আগুন দিয়ে পুনরায় নাশকতা শুরু করার আগ মুহুর্তে বিএনপি নেতাকর্মীর কাছে আটক হয়েছেন দু’জন যুবক। বৃহস্পতিবার সকালে নগরীর লবণচরা থানার টেক্সটাইল মিলের সামনে থেকে তাদের দু’জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কৌশিক ও ইয়াছিন। তারা দু’জন বটিয়াঘাটা এলাাকার বাসিন্দা। তবে তৎক্ষণিক তাদের রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি।
খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো: মনিরুজ্জামান মন্টু বলেন, সারা রাত আমাদের দলের নেতাকর্মীরা রাত জেগে নাশকতাকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে পাহারা দিয়েছেন। ভোর রাতে আমি এবং জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হই। আটক হওয়া যুবকদের সাথে আরও দু’জন যুবক ছিলেন। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা চয়ন ছিল। আমাদের সাথে থাকা ছাত্রদল ও যুবদলের কর্মীরা ছাত্রলীগ নেতা চয়নকে দেখে ধাওয়া দিলে সে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এরা দু’জন আমাদের হাতে আটক হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতা করার আগ মুহুর্তে আমাদের হাতে আটক হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ফুটেজও রয়েছে। আমরা আটক করে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করি।
জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি বলেন, মোটরসাইকেল যোগে সকালে আমি ও জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু কুদির বটতলা যাই। সেখান থেকে ফেরার পথে আমাদের দেখে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে যায়। অপরটি একটি গলির ভেতরে চলে যায়। পরে আটক দু’জনের মাধ্যমে জানতে পারলাম বটিয়াঘাটা চয়নের নেতৃত্বে তারা খুবি’র সামনে পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতা করার চেষ্টা করছিল। ঠিক সেই মুহুর্তে আমাদের কাছে আটক হয় ওই দু’যুবক। তাদের রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তা উদ্ধারের চেষ্টা করছেন বলে তিনি জানান।
লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, তারা দু’জন বটিয়াঘাটা এলাকার বাসিন্দা।
আটক দু’জনের বরাত দিয়ে তিনি আরও বলেন, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লবণচরা থানা এলাকার একটি পেট্রোলপাম্পে আসেন তারা। সন্দেহ হলে তাদের দু’জনকে পুলিশের নিকট সোপর্দ করে বিএনপি নেতারা।
খুলনা গেজেট/সাগর/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.