Friday, November 13, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Health

খুলনায় অধিকার’র নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

মানবাধিকার লঙ্ঘন, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের চিকিৎসা, আইনি ও আর্থিক সহায়তায় করণীয় এবং এসব ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে খুলনায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস এন্ড সারভাইভারস এন্টি টর্চার নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবে মানবাধ...

Read on Dainik Khulna 24 Link copied
খুলনায় অধিকার’র নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত
Photo: Dainik Khulna 24

মানবাধিকার লঙ্ঘন, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের চিকিৎসা, আইনি ও আর্থিক সহায়তায় করণীয় এবং এসব ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে খুলনায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস এন্ড সারভাইভারস এন্টি টর্চার নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

খুলনা প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা নেটওয়ার্কের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকারকর্মী, নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তি (সারভাইভার) এবং ভুক্তভোগী পরিবারের সদস্যসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন।

সভা সঞ্চালনা করেন অধিকার খুলনার ফোকাল পার্সন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। সহ-সঞ্চালক ছিলেন সিনিয়র সাংবাদিক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার কেএম জিয়াউস সাদাত।

সভায় নির্যাতনের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে ফ্যাসিস্ট আমলে খালিশপুর থানার তৎকালীন ওসি নাসিম খানের নেতৃত্বে দু’ চোখ তুলে ফেলা ক্ষুদ্র ব্যবসায়ী শাহজালাল হাওলাদার বলেন, পুলিশি নির্যাতনে তাঁর দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, ‘আমার অপরাধ কী ছিল? আমার অপরাধ কি এদেশের নাগরিক হওয়া?’ সরকার পরিবর্তন হলেও তাঁর মতো ভুক্তভোগীদের বিচার প্রাপ্বি এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন তিনি। বিপদের দিনে অধিকার ছাড়া অন্য কোনো সংগঠন তাঁর পাশে দাঁড়ায়নি বলেও উল্লেখ করেন।

গুম ফিরে আসা ক্ষুদ্র ব্যবসায়ী মো. ইমরান হোসেন জানান, র‌্যাব্ তাঁকে দীর্ঘ দেড় মাস গুম করে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে। কোনো মামলা না থাকায় পরবর্তী সময়ে তাঁকে ছেড়ে দেওয়া হলেও এখনো সেই নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় তাঁর ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে জীবিকার তাগিদে ছোট একটি চাকরি করছেন। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।

গুম থেকে ফিরে আসা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম রাফি তাঁর বক্তব্যে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে অন্য জেলায় গুম করে রাখার ১৭ দিন পর খুলনার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাঁর বিরুদ্ধে সাতটি মিথ্যা মামলা দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

একইভাবে সভায় ফ্যাসিস্ট আমলে খুলনা সদর থানায় তৎকালীন ওসি কামরুজ্জামান কর্তৃক ঝুলিয়ে নির্মম নির্যাতনের ঘটনা তুলে ধরেন স্বেচ্ছাসেবক দল নেতা এসএম মাহমুদুল হক টিটো।

জুলাই যোদ্ধা তারেক রহমান বলেন, যে প্রত্যাশা নিয়ে তাঁরা আন্দোলনে রাজপথে নেমেছিলেন, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে সব জুলাই যোদ্ধার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সভায়  হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও উম্মে হুমায়রা বুশরা মানবাধিকার সুরক্ষায় আইন ও সংবিধানের নিশ্চয়তা থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আলোচনা করেন। তাঁরা নির্যাতনবিরোধী কার্যক্রম, সারভাইভারদের নিয়ে চলমান উদ্যোগ এবং সাম্প্রতিক প্রশিক্ষণের বিষয় তুলে ধরেন। বিশেষ করে মোংলায় কোস্টগার্ডের বিরুদ্ধে জেলে মিরাজকে গুমের অভিযোগসহ বিভিন্ন গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ভুক্তভোগী শাহজালালের স্ত্রী রাহেলা বেগম, ইমরানের স্ত্রী জান্নাতুল ফেরদাউস ও মুজাহিদের স্ত্রী সাকিলা জান্নাত বক্তব্য দেন। তাঁরা নির্যাতনের কারণে পরিবারের সদস্যদের ওপর নেমে আসা গভীর মানসিক, সামাজিক ও আর্থিক সংকটের কথা তুলে ধরেন। একই সঙ্গে অধিকার-এর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নির্যাতনকারীদের সুষ্ঠু বিচার দাবি করেন।

মানবাধিকারকর্মী মোস্তফা কামাল রিপন ও এম এ আজিম খুলনার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে অনুকুল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কর্মসূচি গ্রহণের প্রস্তাব দেন। তাঁরা মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে-পুলিশি নির্যাতনে দুই চোখ হারানো শাহজালাল হাওলাদারের জরুরি চিকিৎসা ও আর্থিক সহায়তা অব্যাহত রাখা, মুজাহিদুল ইসলাম রাফির বিরুদ্ধে করা সাতটি মামলার বিষয়ে আইনি সহায়তা ও প্রতিকার নিশ্চিত করা এবং গুম থেকে ফিরে আসা ক্ষুদ্র ব্যবসায়ী ইমরান হোসেনের শারীরিক চিকিৎসা, মানসিক সহায়তা ও আর্থিক পুনর্বাসনে কাজ করা।

এ ছাড়া মানবাধিকার নেটওয়ার্কের সদস্যসংখ্যা বাড়ানো, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের আর্থিক, মানসিক, আইনি ও লজিস্টিক সহায়তার মাধ্যমে অ্যাডভোকেসি কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত হয়।

সভায় অধিকার-সংশ্লিষ্ট এইচআরডি সদস্যদের মধ্যে এম এ আজিম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, তামিম হাসান, মো. রিপন, রায়হান মোল্লা, স্নিগ্ধা সুলতানা মুন্নি, নাবা আক্তার শারমিন ও উম্মে হুমায়রা বুশরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সারভাইভার হিসেবে শাহজালাল, ইমরান হোসেন, এস এম মাহমুদুল হক টিটো, মুজাহিদুল ইসলাম রাফি, শহিদুল ইসলাম উজ্জ্বল, তারেক রহমান ও ফাহাদ ইসলাম এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা সভায় অংশ নেন।

বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন, আইনি অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত মানবাধিকার নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original