খুলনার বিভিন্ন এলাকায় ফার্মেসী ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি ও খুলনাস্থ সাধারণ কেমিস্টবৃন্দ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা জেলা প্রশাসক ও কেএমপিতে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুলনার ফার্মেসীগুলো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত, এমনকি কোথাও কোথাও সারা রাত চালু থাকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, সম্প্রতি নগরীর টুটপাড়ার চয়নিকা ফার্মেসী, রূপসার মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন এলাকার ফার্মেসী ব্যবসায়ীদের নিকট কুখ্যাত সন্ত্রাস ও চাঁদাবাজরা বিশাল অঙ্কের চাঁদা দাবি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগে অনেক ফার্মেসী ইতোমধ্যে বন্ধ রয়েছে।
ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এযাবৎ সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী ৩ দিনের মধ্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা না হলে, খুলনা অঞ্চলের সকল কেমিস্ট ও ফার্মেসী বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.