কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার বিশাল ভাগাড়। আশপাশের এলাকার সব ধরনের বর্জ্য এখানে ফেলা হচ্ছে। উৎকট দুর্গন্ধে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসে বসতে পারছে না। মশা-মাছির উপদ্রব বেড়েছে, দূষিত হচ্ছে আশপাশের বায়ুমণ্ডলও। সব মিলিয়ে বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দোতলা ভবনের পেছনের খোলা জায়গাজুড়ে পলিথিন, প্লাস্টিকের মোড়ক, খাবারের উচ্ছিষ্ট, ছেঁড়া বস্তা, কাগজ ও নানা ধরনের পচনশীল বর্জ্য স্তূপ হয়ে আছে। কিছু জায়গায় ময়লা পোড়ানোর চিহ্নও রয়েছে। ভবনের জানালার খুব কাছেই এই আবর্জনার স্তূপ থাকায় দুর্গন্ধ সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু জানান, দুর্গন্ধ ও মশা-মাছির কারণে স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিষয়টি নিরসনে তাঁরা পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। বর্তমানে দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঘটছে। ডেঙ্গু মোকাবিলায় পৌরসভা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে থাকে। তবে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিদ্যালয়ের পেছনের ভাগাড়টি এখনো পরিচ্ছন্নতা অভিযানের বাইরে রয়ে গেছে। অভিযোগ রয়েছে, ময়লার স্তূপ অপসারণ ও এলাকা পরিষ্কারে পৌর পরিচ্ছন্নতা কর্মীরা কোনো উদ্যোগ নিচ্ছেন না। পৌরসভার পরিচ্ছন্নতা কাজ দেখভালের দায়িত্বে থাকা নাজমুল ইসলামকে বিষয়টি স্কুলের পক্ষ থেকে জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি বলে জানা যায়।
এ বিষয়ে রোববার কলারোয়া পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি আমলে নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত এই ভাগাড় উচ্ছেদ করে এলাকাটি পরিষ্কার এবং ভবিষ্যতে যাতে সেখানে ময়লা ফেলা না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.