টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের দীর্ঘ ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। এক ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে প্রতিপক্ষের আটটি উইকেট পতনে সরাসরি অবদান রাখলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং সব মিলিয়ে এক ইনিংসে আটটি ডিসমিসাল। তাতেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন লিটন। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড এখন বাংলাদেশের এই উইকেটকিপারের দখলে। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট লড়াইয়ে। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে ক্রিজে ছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ব্যাট হাতে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে কাবু হন এই পেসার।
মিরাজের বলকে সীমানাছাড়া করতে ক্রিজ ছেড়ে এগিয়ে আসেন রাবাদা। কিন্তু ব্যাটে-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন তিনি। সেই সুযোগ কাজে লাগাতে একটুও দেরি করেননি লিটন। মুহূর্তের মধ্যে বল গ্লাভসে জমিয়ে স্টাম্প ভেঙে দেন। ৭২ রানে থামে রাবাদার লড়াই। আর তাতেই পূর্ণতা পায় লিটনের ঐতিহাসিক কীর্তি। রাবাদাকে স্টাম্পড করার আগেই ছয়টি ক্যাচ নিয়েছিলেন লিটন। সবশেষ উইকেটটি ছিল তার দ্বিতীয় স্টাম্পিং। এর আগে রায়ান রিকেলটনকে স্ট্যাম্পড করেন লিটন। ফলে এক ইনিংসে মোট আটটি ডিসমিসাল পূর্ণ হয় বাংলাদেশের এই উইকেটরক্ষকের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো উইকেটকিপারের এক ইনিংসে এত বেশি ডিসমিসালের নজির নেই।
উইকেটের পেছনে লিটনের এমন অবিশ্বাস্য পারফরম্যান্স বাংলাদেশের জন্যও বড় প্রাপ্তি। সাধারণত ব্যাট হাতে রান করা কিংবা উইকেটের পেছনে নির্ভরযোগ্য গ্লাভসের জন্য আলোচনায় থাকেন লিটন। তবে এবার কেবল ব্যক্তিগত পারফরম্যান্স নয়, রেকর্ড বইয়েও জায়গা করে নিলেন তিনি।
টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এক ইনিংসে উইকেটরক্ষকদের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এত দিন ছিল সাতটি। ওয়াসিম বাড়ি, বব টেলর, ইয়ান স্মিথ, রেডলি জ্যাকভস ও জশুয়া ডি সিলভা সাতটি করে ডিসমিসালের রেকর্ড নিজেদের দখলে রেখেছিলেন।
সেই সীমা পেরিয়ে আটটি ডিসমিসালে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন লিটন। ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিংয়ের সমন্বয়ে গড়া এই কীর্তি তাকে বসিয়েছে অনন্য এক উচ্চতায়।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.