বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল আলম ছানা (৬৯) এবং তাঁর স্ত্রী ঝর্না আলমের (৬২) বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।
দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় ওই দম্পতির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল।
শাহিনুল আলম ছানা মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোল্লাহাট উপজেলার সাধারণ সম্পাদক।
দুদক সূত্র জানায়, ২০২২ সালে দুদকের জেলা কার্যালয় শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। এতে জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে কমিশনে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করে। কমিশনে দাখিল করা বিবরণীতে, শাহিনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং তার স্ত্রী ঝর্না আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখায়। ২০২৫ সালের ১৮ মার্চ তারা দুদকে বিবরণী জমা দেন।
মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে শাহিনুল আলম ছানার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। কমিশনে দাখিল করা বিবরণীতে তিনি ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর, মোট ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার সম্পদের তথ্য দেন। দায় দেখান ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকা।
তবে যাচাইয়ে দুদক তাঁর নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর ও ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর, মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য পেয়েছে। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদ দিয়ে নিট সম্পদ ৮ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, তিনি ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এ ছাড়া ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন।
এজাহারে ঘটনার সময় ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে। অন্য মামলায় শাহিনুল আলম ছানার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অভিযোগ, সম্পদ বিবরণীতে তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখিয়েছিলেন। অথচ অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য মিলেছে। ফলে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, দোকান ভাড়া ও কৃষি খাত থেকে তাঁর আয় ১০ লাখ ৬৫ হাজার টাকা দেখান। সঞ্চয়সহ বৈধ সম্পদ ১৪ লাখ ৩ হাজার টাকা ধরে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে। এটি তাঁর মোট সম্পদের ৯৬.৮৯ শতাংশ। এ মামলার ঘটনার সময় ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত।
এ বিষয়ে জানতে শাহিনুল আলম ছানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
দুদক কর্মকর্তা সমীরন কুমার মন্ডল বলেন, মামলা দুটির তদন্ত চলছে। তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, আসামি শাহিনুল আলম ছানা ও ঝর্না আলম পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.