ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। দলের কঠিন সময়ে তার ব্যাটিংয়ে বাংলাদেশ ড্র নিয়েই মাঠ ছাড়তে পারে। তবে ম্যাচ জিততে না পারার আক্ষেপ রয়েছে হৃদয়ের।
সম্প্রতি বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ, যেহেতু দলের জন্য অবদান রাখতে পেরেছি, একইসঙ্গে দলের একটা সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে পেরে খুব ভালো লাগছে। তবে দিনশেষে ম্যাচটা জিততে পারলে আরও বেশি ভালো লাগত।’
ব্যাটিংয়ে এমন ইতিহাসগড়া ইনিংস খেলতে পারবেন বলে ধারণা ছিল ডানহাতি এই ব্যাটারের, ‘অনেকেরই ইচ্ছে থাকে, আসলে প্রত্যেক খেলোয়াড়ই সব সময় নিজের সেরাটা দিতে চায়। আমি যেটা করেছি, সেটা নিজেও আগে জানতাম না যে করতে পারব। এটা আমার রিজিকে ছিল। নিজের সামর্থ্যের মধ্যে যেটুকু ছিল, সেটাই চেষ্টা করেছি। তবে যেটা বললাম, ম্যাচটা জিততে পারলে সবচেয়ে বেশি ভালো লাগত।’
ব্যক্তিগত মাইলফলক নিয়েও বাড়তি কোনো আক্ষেপ রাখতে চান না হৃদয়, ‘আল্লাহ আমাকে যা দিয়েছেন, সেটার জন্য শুকরিয়া। সত্যি কথা বলতে আড়াইশ হয়নি বা একশ হয়নি, এ ধরনের চিন্তা না করাই ভালো। এসব চিন্তা করলে নিজের ওপর বেশি হতাশা আসে। সব মিলিয়ে যা হয়েছে, যতটুকু হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা থাকবে পরবর্তীতে আরও ভালো কিছু করার, ইনশাআল্লাহ।’
খেলা চলাকালে দর্শকদের সমর্থন আরও উজ্জীবিত করে বলে মনে করেন হৃদয়, ‘যখন একটা দেশের প্রতিনিধিত্ব করবেন, দেশের হয়ে খেলবেন, তখন দেশের মানুষের অনেক আশা থাকাটাই স্বাভাবিক। সবাই অনেক কষ্ট করে খেলা দেখতে আসেন। টেস্ট খেলা পাঁচ দিনের খেলা। এতদিন ধরে দর্শকেরা মাঠে এসে দলকে সমর্থন করছেন। পাঁচ দিনের একটা টেস্টে দর্শকরা এসে দলকে সমর্থন করলে সেটা শুধু আমাকে নয়, পুরো দলকেই আরও উজ্জীবিত করে।’
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.