সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বন্যাতলার বাসিন্দা নুর জাহান। খোলপেটুয়া নদীর করাল গ্রাসে বারবার ভেঙেছে তার বসতভিটা। স্থান পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে বন্যাতলা বেড়িবাঁধের ওপর। কোনো রকমে একটি টিনের ঘর তুলে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। একই দশা তার প্রতিবেশী আফসারেরও। ওই এলাকায় একসময় অর্ধশত পরিবার বসবাস করলেও নদী ভাঙন ও লবণাক্ততার কারণে টিকতে না পেরে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন দেশের বিভিন্ন প্রান্তে।
যারা এখনও টিকে আছেন, তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তুরস্কের আনতালিয়া কপ ৩১ সম্মেলন সম্পর্কে তারা কিছুই জানেন না। সাতক্ষীরাসহ দেশের উপকূলের প্রমত্তা নদীতীরবর্তী জনপদগুলোতে জলবায়ু পরিবর্তনের আঘাত এখন কেবল প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এটি এক নীরব মানবাধিকার লঙ্ঘন। উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু সংকটে দক্ষিণ এশিয়া বা বাংলাদেশের ভূমিকা ন্যূনতম হলেও এর সর্বগ্রাসী মাশুল গুণতে হচ্ছে উপকূলের লাখ লাখ সাধারণ মানুষকে।
জানা যায়, সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু ফান্ডের ৩৭ কোটি ২২ লক্ষ টাকার কাজ হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকাত আলী জানান, জলবায়ু প্রকল্পের আওতায় ড্রেনেজ ব্যবস্থা, পাইপলাইন বা পানি সরবরাহ এবং রাস্তাঘাট সংস্কারের কাজ করা হয়।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা পিযুষ বাউলিয়া পিন্টু জানান, কয়েক দশক ধরে আমাদের এলাকায় সুপেয় পানির তীব্র সংকট চলছে। আমাদের উপকূল জুড়ে পানির হাহাকার। সুপেয় পানির অভাবে বহু মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা মারাত্মকভাবে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন, আর লবণ পানির কারণে ফসলি জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ২০০৭ সালের পর থেকে এ অঞ্চলে ২০টির অধিক প্রলয়ংকরী ঝড় আঘাত হেনেছে। ২০০৮ সালে রেশমি-নারগিস, ২০০৯ সালে আইলা, এরপর ফণী, আম্পান, ইয়াস, সিত্রাং এবং সর্বশেষ ২০২৪ সালে রিমালের মতো বড় বড় দুর্যোগে লন্ডভন্ড হয়ে গেছে উপকূল।
তথ্যঅনুসন্ধানে জানা যায়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলীয় মানুষকে সুরক্ষা দিতে তহবিল গঠন করা হলেও সেই অর্থের বড় অংশ মাঠপর্যায়ে কাজে লাগেনি। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত তহবিলটির মাধ্যমে ৯৬৯টি প্রকল্প নেওয়া হয়েছে এবং ব্যয় হয়েছে ৩ হাজার ৯৬৮ কোটি টাকা। অথচ পর্যালোচনায় দেখা গেছে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত নেওয়া ৩২২টি প্রকল্পের ৬৫ শতাংশই ছিল সড়কবাতি বসানোর মতো অপ্রয়োজনীয় খাত।
অভিযোগ রয়েছে, জলবায়ু ফান্ডের টাকায় উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে বা লবণাক্ততা দূরীকরণে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে তা দিয়ে বিভাগীয় শহরগুলোতে সড়কবাতি স্থাপন, পার্ক তৈরি, পুকুরের ঘাট বাঁধানো এবং ভবন বানিয়ে ব্যক্তিগত রিসোর্টে পরিণত করারও নজির রয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এক-এর নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া এবং পানি উন্নয়ন বোর্ড দুই-এর নির্বাহী প্রকৌশলী তাসকিয়া জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও গত চার-পাঁচ বছরে সরাসরি কোনো তহবিল থেকে তাঁদের দপ্তরে অর্থায়ন করা হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত কাজের ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও জলবায়ুর বিষয়গুলো বিবেচনায় রেখেই বাঁধ নির্মাণের মতো কাজগুলো করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, জলবায়ু পরিবর্তনের জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ থাকে না, এটি একটি আলাদা সরকারি প্রকল্পভিত্তিক খাত। তবে দুর্যোগকালীন বা জিআর বরাদ্দের ক্ষেত্রে নগদ অর্থ, চাল, কম্বল ও শুকনা খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণ বরাদ্দ দেওয়া হয়ে থাকে।
তিনি আরও জানান, অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরা জেলার বরাদ্দ পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো এবং সন্তোষজনক।
সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইন ইসলাম জানান, জলবায়ু তহবিল থেকে জেলা প্রশাসনের সরাসরি বড় কোনো জলবায়ু বরাদ্দ বা ফান্ড পরিচালিত হয় না। জেলা প্রশাসন মূলত সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের মতো বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক কাজগুলো কেবল সমন্বয় করে থাকে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.