
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। সর্বশেষ ১১ নভেম্বর বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, তিন জেলার শিল্পাঞ্চল ও কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। শিল্পকারখানার নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার মিরপুরে এক প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন, জিরানীতে দুই প্লাটুন এবং আশুলিয়ায় নয় প্লাটুন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জামগড়া এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
গাজীপুরের চন্দ্রা এলাকায় এক প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন এবং মৌচাক, আমবাগ-কাটা, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনায় এক প্লাটুন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় দুই প্লাটুন, জালকুড়িতে দুই প্লাটুন, বিসিক শিল্পনগরীতে এক প্লাটুন, চাষাড়া মোড়ে এক প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল কাজ করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
এর আগে ১০ নভেম্বর শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য জানিয়েছিল বাহিনীটি। ওই দিন ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে তিন প্লাটুন, নারায়ণগঞ্জে নয় প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছিল। পাশাপাশি নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.