
পাইকগাছা :
খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট অনাদি কৃষ্ণ মন্ডল নির্বাচিত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৭৪ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে তিন প্রার্থীর মধ্যে ৪৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার। এ নিয়ে তিনি আটবার সভাপতি নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মজিদ গাজী পেয়েছেন ২৬ ভোট এবং সিপিবির প্রশান্ত কুমার মন্ডল পেয়েছেন ১ ভোট।
সহ-সভাপতি পদে ৪৫ ভোট পেয়ে বেলাল উদ্দিন এবং ৪৩ ভোট পেয়ে আব্দুল মালেক নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম পেয়েছেন ৩১ ভোট এবং জিএম আমজাদ হোসেন পেয়েছেন ১৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট অনাদি কৃষ্ণ মন্ডল ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের বর্তমান সম্পাদক জিএম আক্কাছ আলী পেয়েছেন ৩৪ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে কাজী সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী একরামুল হক বিশ্বাস পেয়েছেন ৩১ ভোট।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪৬ ভোট পেয়ে সাইদুর রহমান মিঠু নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম পেয়েছেন ২৬ ভোট।
লাইব্রেরি সম্পাদক পদে ৪০ ভোট পেয়ে রাশনা শারমিন আঁখি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রেহানা পারভীন পেয়েছেন ৩১ ভোট।
সদস্য পদে ৫২ ভোট পেয়ে সরদার সুবেহ সাদিক, ৪৭ ভোট পেয়ে মোহাতাছিমবিল্লাহ এবং ৪৩ ভোট পেয়ে সাইফুদ্দিন সুমন নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী এম আশিক আহমেদ পেয়েছেন ৩৭ ভোট।
এর আগে এটিএম নাদিরুজ্জামান নাদির বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কিশোরী মোহন মন্ডল। কমিশনার ছিলেন অ্যাডভোকেট উত্তম কুমার সানা ও শরিফা খাতুন।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.