Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
19°C Fog
Latest
Sports

প্রতিপক্ষের ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষের ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি এই শাস্তি ঘোষণা করেছে। খবর বিবিসির। গত ২ […]

Read on Khulna Gazette Link copied
প্রতিপক্ষের ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা
Photo: Khulna Gazette

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষের ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি এই শাস্তি ঘোষণা করেছে। খবর বিবিসির।

গত ২ নভেম্বর দ্বিতীয় বিভাগের ম্যাচে টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের সঙ্গে মারাত্মক ফাউলে জড়ান ২৫ বছর বয়সী ওওনো। ম্যাচের শেষ দিকে ঘটে যাওয়া ওই ঘটনায় লাল কার্ড দেখেন আন্দোরার এই গোলরক্ষক। পরদিন ৩০ বছর বয়সে মারা যান দে মিগেল।

শৃঙ্খলা কমিটি জানিয়েছে, রেফারির প্রতিবেদনে উল্লেখ করা ঘটনার বিবরণের ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বল খেলার মধ্যে থাকা অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পা দিয়ে প্রতিপক্ষের বুকে আঘাত করায় ওওনোকে মাঠ থেকে বহিষ্কার করা হয়।

কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনার মর্মান্তিক পরিণতি, যার ফলে হেসুস দে মিগেল আলামেদার মৃত্যু হয়েছে, তা সবারই জানা।’

এ ছাড়া ঘটনার ধরন ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা যৌক্তিক বলে মনে করেছে কমিটি।

এদিকে ওই ম্যাচটি আর নতুন করে আয়োজন করা হবে না বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ঘটনার সময় যোগ করা সময়ের সপ্তম মিনিট চলছিল। দুই দলের খেলোয়াড়দের পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি সেখানেই পরিত্যক্ত হয়।

ম্যাচের তখনকার ২-২ গোলের ফলই চূড়ান্ত হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তাদের মতে, ‘এই মর্মান্তিক পরিস্থিতিতে এটিই সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।’

ঘটনার পর ৪ নভেম্বর ওওনোর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে এফসি আন্দোরা। সেখানে গোলরক্ষক জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। দে মিগেলের মৃত্যুতে গভীর শোক ও অসহনীয় কষ্টের কথাও প্রকাশ করেন।

বৃহস্পতিবার এফসি আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, এই ঘটনার পর আবার ফুটবলে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ওওনো। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় দলের এই গোলরক্ষক।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original