যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আচার্য্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি জানান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এ শিক্ষার মান যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং যবিপ্রবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.