অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে করা মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এই মামলায় সব সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত এসব সাক্ষীরা তাদের জবানবন্দি দেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে জেরা করা সম্ভব হয়নি। একইসঙ্গে আগামী ২৫ নভেম্বর যুক্তিতর্ক শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এরপর এই মামলায় যুক্তিতর্ক বিষয়ে শুনানি হবে।
অপর সাক্ষীরা হলেন- কুমিল্লা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সৌমিত রায়, বান্দরবানের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. জুয়েল মজুমদার এবং কক্সবাজার উত্তর বিভাগের বন মামলার পরিচালক জহিরুল রহমান। এছাড়া সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম। এর আগে গত ৩ মে একই আদালত এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে আসামি বেনজীরের আমেরিকায় বাড়ি কেনার নতুন তথ্য পান তদন্তকারী কর্মকর্তা। আগের চার্জশিটে বাড়ির কেনার জন্য ব্যাংক ট্রান্সলেশনের তথ্য ছিল না। এজন্য তদন্ত কর্মকর্তা নতুন করে সম্পূরক চার্জশিট দাখিল করেছেন। সেখানে টাকার পরিমাণ ও সাক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। সাবেক আইজি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর থেকে আজ পর্যন্ত ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪৭ জনের সাক্ষ্যই শেষ হয়েছে।
দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেন হাফিজুল ইসলাম।
চার্জশিটে বলা হয়, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে বেনজীর আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেন।
চার্জশিটে আরও বলা হয়, বেনজীর আহমেদ এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনি প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।
এদিকে, মামলার বিচারকালে গত ৭ অক্টোবর মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম আসামির বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন। সেই চার্জশিটে বেনজীর আহমেদ ও তার স্ত্রী এবং মেয়ের দেশে ও বিদেশে জ্ঞাত আয়বহির্ভূত ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার সম্পদ অর্জন করেছেন উল্লেখ করা হয়।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.