পতিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনা ছাত্রজনতার তাড়া খেয়ে পালিয়ে ভারতে থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছে। তাদের তো অবৈধ টাকার কোন অভাব নেই। বিদেশে টাকা পাচার করেও দেশের ভেতরে তাদের অগাধ টাকা রয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী টোকাইদের দিয়ে এখন বাড়ি গাড়িতে আগুন লাগাচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়ি নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া ভিন্ন দলের নেতাদের বাড়িতেও আগুন দিচ্ছে। এই মদদটা আসছে পার্শ্ববর্তী দেশ থেকে।
তিনি বলেন, শেখ হাসিনার এখন লাশ দরকার। তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তার লাশ দরকার বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও পুলিশ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা গণতন্ত্রবিরোধী শক্তিরা সক্রিয় হয়েছে। সক্রিয় হয়েছে বলেই বিএনপি ক্ষমতায় থেকেও গত তিন দিনে বিএনপির তিন নেতাকে হত্যা হতে হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে সাবেকমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন।
তরিকুল ইসলামকে নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা তরিকুল ইসলাম সারাজীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ ছিলেন। তিনি যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়াই করেছেন। খালেদা জিয়া যখনই আন্দোলন সংগ্রামের ঘোষণা করতেন, তখনই যার নাম প্রথমে নিতেন সেই নামটি ছিলো তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম বারডেম হাসপাতালে ভর্তি থাকাকালীন খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের দায়িত্ব দিয়েছিলেন তাকে। সেখান থেকেই তরিকুল ইসলাম আন্দোলন চালিয়েছিলেন। কর্মীর প্রতি নেতার যে বিশ্বাস, সেই বিশ্বাস অর্জন করেছিলেন তরিকুল ইসলাম। তিনি কখনো দলের সাথে বিশ্বঘাতকতা করেননি। তরিকুল ইসলাম একজন ক্ষণজন্মা নেতা ছিলেন। তার মতো ব্যক্তিরা দেশে বারবার জন্মায় না। তার আদর্শিক চেতনা নিয়ে এই প্রজন্ম
রাজনীতি করলে কখনো ফ্যাসিবাদ সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন তিনি। যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিনী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও ছেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শেষে তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.