Tuesday, November 17, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
Politics

শিববাড়ী মোড়ে ‘জিয়া হল কমপ্লেক্স’ নির্মাণে সরকার‌কে সংসদ সদস্য এড. হেলা‌লের ডিও

শিল্প ও বন্দরনগরী খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ী মোড়। নগরীর সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দীর্ঘকাল এখানে দাঁড়িয়ে ছিল ঐতিহ্যবাহী ‘জিয়া হল’। সময়ের পরিক্রমায় ভবনটি জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী […]

Read on Khulna Gazette Link copied
শিববাড়ী মোড়ে ‘জিয়া হল কমপ্লেক্স’ নির্মাণে সরকার‌কে সংসদ সদস্য এড. হেলা‌লের ডিও
Photo: Khulna Gazette

শিল্প ও বন্দরনগরী খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ী মোড়। নগরীর সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দীর্ঘকাল এখানে দাঁড়িয়ে ছিল ঐতিহ্যবাহী ‘জিয়া হল’। সময়ের পরিক্রমায় ভবনটি জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় তা ভেঙে ফেলা হয়, যার ফলে নগরীর সাংস্কৃতিক ও নাগরিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়। খুলনাবাসীর সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবং ঐতিহ্যবাহী স্থানটিকে নতুন রূপে ফিরিয়ে আনতে এবার উদ্যোগী হয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। জিয়া হলের পূর্বনির্ধারিত স্থানে আধুনিক স্থাপত্যশৈলীতে একটি বহুমুখী ‘জিয়া হল কমপ্লেক্স’ নির্মাণের লক্ষ্যে তিনি আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেছেন।

প্রকল্প বাস্তবায়নে সরকারি অনুমোদন ও বরাদ্দের আবেদন

নগরবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ১০ নভেম্বর স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন। উক্ত ডিও লেটারে তিনি শিববাড়ী মোড়ের ঐতিহ্যবাহী জিয়া হলের স্থানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুমুখী কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দের জোর অনুরোধ জানিয়েছেন। প্রকল্পটিকে অত্যন্ত জনস্বার্থসংশ্লিষ্ট ও সময়োপযোগী হিসেবে অভিহিত করে তিনি এর দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

ডিও লেটারে এমপি হেলাল হলটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে উল্লেখ করেন, ১৯৭৮ সালে খুলনা মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র শিববাড়ী মোড়ে প্রায় ১.৭২ একর জমির ওপর এই ঐতিহ্যবাহী হলটির নির্মাণকাজ শুরু হয়েছিল। পরবর্তীতে ১৯৯২ সালে জিয়া হলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে এটি খুলনার শিল্প-সাহিত্য চর্চা, সামাজিক অনুষ্ঠান এবং নাগরিক সমাবেশের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু, যথাযথ সংস্কারের অভাব এবং সময়ের সাথে সাথে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে তা ভেঙে ফেলা হয়। এরপর থেকেই বিশাল এই জায়গাটি কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এবং খুলনাবাসী একটি মানসম্মত ও আধুনিক মিলনায়তনের অভাব তীব্রভাবে অনুভব করছেন।

এদিকে একটি আধুনিক ও বর্ধিষ্ণু মহানগরী হিসেবে খুলনায় প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড। কিন্তু সে তুলনায় নগরীতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বড় পরিসরের মিলনায়তন বা কমিউনিটি কমপ্লেক্সের যথেষ্ট সংকট রয়েছে।

সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল তার বক্তব্যে এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি জানান, খুলনা মহানগরীর সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক কর্মকাণ্ডকে বেগবান করতে একটি আধুনিক বহুমুখী মিলনায়তনের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। জিয়া হলের পূর্বনির্ধারিত ১.৭২ একর জমির ওপর যদি আধুনিক স্থাপত্যশৈলীতে বহুমুখী ‘জিয়া হল কমপ্লেক্স’ নির্মাণ করা হয়, তবে তা নগরীর অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। প্রস্তাবিত এই কমপ্লেক্সটি নির্মিত হলে সেখানে জাতীয় ও আন্তর্জাতিক মানের সভা-সেমিনার, সিম্পোজিয়াম, নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলাসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনার অবারিত সুযোগ সৃষ্টি হবে। এটি কেবল একটি ভবন হিসেবেই নয়, বরং খুলনার সকল শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা এবং সুস্থ সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original