একটি দেশের ভবিষ্যৎ লুকিয়ে থাকে তার শিশুদের চোখের আলোয়। আজকের শিশুই আগামী দিনের নেতৃত্ব দেবে, সমাজ গড়বে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেই শৈশব যদি দারিদ্র্যের কষাঘাতে, ইটভাটার ধোঁয়ায়, কিংবা কলকারখানার কালিতে মলিন হয়ে যায়, তবে দেশের ভবিষ্যৎও অন্ধকারের দিকে ধাবিত হয়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দ্রুত উন্নয়নশীল রাষ্ট্র। গত কয়েক দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচকে এদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। তবে এই উন্নয়নের সমান্তরালে শিশু অধিকার ও শিশুশ্রম একটি বড় প্রশ্নচিহ্নে পরিণত হয়েছে।
শিশু অধিকার রক্ষা এবং শিশুশ্রম নিরসন তাই বর্তমান সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ)-এর তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি শিশু কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়। শিশুদের প্রতি সহিংসতার মধ্যে রয়েছে সহিংস আচরণ, বুলিং, যৌন সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম, অবহেলা, শোষণ এবং অনলাইন নির্যাতন। ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক প্রকাশিত তথ্যে দেখা যায় যে, বাংলাদেশে ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই সহিংস পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। প্রতি দুইজন কন্যাশিশুর একজন (৪৭.৬ শতাংশ) ১৮ বছরের পূর্বেই বাল্য বা শিশু বিয়ের শিকার হয়। ৯.২ শতাংশ শিশু শিশুশ্রমের সাথে যুক্ত হয় যা প্রায়শই ঝুঁকিপূর্ণ। প্রতি সপ্তাহে প্রায় ২০ জন শিশু গুরুতর সহিংসতার কারণে মৃত্যুবরণ করে। প্রতি বছর প্রায় ১৪ হাজার ২৬৯ শিশু পানিতে ডুবে মারা যায়। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ) অর্জনে সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থা এ পরিস্থিতির উন্নয়নে যৌথভাবে কাজ করছে।
বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদে (টঘঈজঈ) স্বাক্ষরকারী অন্যতম প্রথম দেশ। দেশের সংবিধানেও শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রকে শিশুদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানের ১৭ অনুচ্ছেদে রাষ্ট্র কর্তৃক সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
এসব অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ সব ধরনের শিশুশ্রম, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের উদ্দেশ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাধীনতার পরেই শিশুদের সুরক্ষায় ১৯৭৪ সালে ‘শিশু আইন’ প্রণয়ন করা হয়। পরবর্তীতে জাতিসংঘের শিশু অধিকার সনদের আলোকে ১৯৭৪ সালের আইনকে আধুনিকায়ন করে শিশু আইন, ২০১৩ প্রণয়ন করা হয়। এখানে ১৮ বছর পর্যন্ত প্রত্যেককে শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং শিশুদের জন্য পৃথক বিচার ব্যবস্থা ও শিশু কল্যাণ বোর্ডের বিধান রাখা হয়েছে। শিশুদের সুরক্ষা, বিকাশ এবং অধিকার নিশ্চিত করার জন্য জাতীয় শিশু নীতি, ২০১১ প্রণয়ন করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০২৫) অনুযায়ী শিশুদের কোনো ধরনের কাজে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ১৪ থেকে ১৮ বছর বয়সিদের ‘কিশোর’ হিসেবে গণ্য করা হয় এবং তাদের কেবল হালকা কাজে নিয়োগ করা যায়, যা তাদের শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষতি করবে না। সরকার ৪৩টি খাতকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ট্যানারি, জাহাজ ভাঙা শিল্প, কাচ কারখানা, মোটর গ্যারেজ, ইটভাটা ইত্যাদি। কর্মজীবী শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে বা কারিগরি দক্ষতা দিতে বিভিন্ন উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পও চলমান রয়েছে।
তবে আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে শিশুশ্রম পুরোপুরি এখনও বন্ধ করা যায়নি। কিছু মৌলিক কারণে তা সম্ভব হয়নি। দারিদ্র্য একটি বড় কারণ। অধিকাংশ ক্ষেত্রে পরিবারের অভাব-অনটন মেটাতে শিশুরা অল্প বয়সেই উপার্জনে নামতে বাধ্য হয়। নদীভাঙন, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবকের অসুস্থতা বা মৃত্যুর কারণে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। এমতাবস্থায়, ৫-৬ বছরের একটি শিশুও পরিবারের জন্য বাড়তি আয়ের উৎস হিসেবে বিবেচিত হয়। আবার, গৃহস্থালির কাজ, ছোট চায়ের দোকান, রিকশা গ্যারেজ এবং কৃষিকাজের মতো অনানুষ্ঠানিক খাতে আইনি নজরদারি চালানোও বেশ কঠিন। এজন্য শিশুশ্রমের অন্যতম একটি অন্ধকার দিক হলো বাসাবাড়িতে কর্মরত শিশু গৃহকর্মীরা। এদের একটি বড় অংশই কন্যাশিশু। ঘরের চার দেয়ালের ভেতরে কাজ করায় এদের ওপর ঘটে যাওয়া নির্যাতন সহজে বাইরে আসে না। অভিভাবকদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। অনেক অসচ্ছল অভিভাবক শিক্ষার দীর্ঘমেয়াদি সুফলের চেয়ে তাৎক্ষণিক উপার্জনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। অন্যদিকে, কারখানা বা দোকানের মালিকরা শিশুদের প্রাপ্তবয়স্কদের চেয়ে অনেক কম মজুরিতে দীর্ঘ সময় খাটাতে পারে, যা অভিভাবকদের শিশুশ্রমে প্রলুব্ধ করে। শৈশবের এ অতিরিক্ত শারীরিক পরিশ্রম এবং কর্মক্ষেত্রের নিষ্ঠুর পরিবেশ শিশুদের শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করে। অপুষ্টি, দীর্ঘস্থায়ী রোগ এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই, এর পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা হীনম্মন্যতা, মানসিক অবসাদ এবং অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
শিশুশ্রম পুরোপুরি নির্মূল করতে এবং শিশু অধিকার নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। কলকারখানা ও প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন করে আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে যাতে তারা সন্তানদের কাজে না পাঠিয়ে স্কুলে পাঠাতে পারে। এছাড়া শিশুশ্রমের কুফল এবং শিশু অধিকারের গুরুত্ব নিয়ে প্রত্যন্ত অঞ্চলে সচেতনতামূলক ক্যাম্পেইন চালাতে হবে। প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে যেন নিজের বাসাবাড়িতে বা পরিচিত কোথাও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তারা জাতীয় হেল্পলাইন ১০৯৮ – এ কল করে দ্রুত আইনি সহায়তা নেন।
শিশুরাই একটি দেশের প্রাণশক্তি। আজ যে শিশুটি ইটভাটায় হাতুড়ি পিটছে কিংবা চায়ের দোকানে কাপ ধুচ্ছে, সঠিক সুযোগ পেলে সে হয়ত দেশের একজন বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক বা দক্ষ কারিগর হতে পারত। শিশুশ্রম কেবল একটি শিশুর শৈশবকেই কেড়ে নেয় না, বরং একটি জাতির সুপ্ত সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। বাংলাদেশকে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে হলে শিশুশ্রমের এই অভিশাপ থেকে আমাদের মুক্ত হতেই হবে। সরকার, সুশীল সমাজ, গণমাধ্যম এবং প্রত্যেক নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক এমন এক বাংলাদেশ যেখানে প্রতিটি শিশুর হাতে থাকবে বই আর খাতা, মুখে থাকবে অনাবিল হাসি, আর চোখে থাকবে রঙিন ভবিষ্যতের স্বপ্ন। সোনালি শৈশব হোক প্রতিটি শিশুর জন্মগত অধিকার, কোনো করুণার দান নয়।
লেখক : উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব), আঞ্চলিক তথ্য অফিস, খুলনা।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.