মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এ ভূখণ্ডের রাজনীতিতে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ১৮৮০-১৯৭৬ তার জীবনকাল। ৬৭ বছর মজলুম মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন। ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ নামক রাষ্ট্রের জাতীয় পতাকা তিনি দেখেছেন। এ তিনটি দেশের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দিনরাত সোচ্চার ছিলেন। লুঙ্গি-পাঞ্জাবি ও তালের আঁশের টুপি তার আজীবন সহচর। কী দেশ কী বিদেশ এই পোষাক নিয়ে তিনি স্বাক্ষর রেখেছেন শাশ্বত বাঙালির ঐতিহ্যের।
পাকিস্তানের স্বাধীনতার পর তিনি ভৈরব তীরবর্তী সুন্দরবনের দেশ খুলনায় এসেছেন একাধিকবার। পাকিস্তান জমানায় এখানে তার ভক্ত ও অনুসারী ছিল একাধিক। সাংগঠনিক সফরে এখানে এসে তিনি গরিবের আইনজীবী বলে খ্যাত এ্যাড. আব্দুল জব্বারের মৌলভীপাড়াস্থ বাসভবনে অবস্থান করতেন। এ আইনজীবী তার রাজনৈতিক সহচর। ন্যাপের নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন। খান-এ-সবুরের বিরুদ্ধে মৌলিক গণতন্ত্র পদ্ধতির খুলনা পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। তখন পাকিস্তান জামানা। মুসলিম লীগের ব্যাপক দাপট। ১৯৫৪ সালের ১০ মার্চ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
যুক্তফ্রন্ট মনোনীত আব্দুল গণি খান খুলনার ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা ও দাকোপ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার বিপরীতে প্রার্থী ছিলেন তারই সহোদর খান এ সবুর। এ নির্বাচনে খান এ সবুর পরাজিত হন। যুক্তফ্রন্ট প্রার্থীর সমর্থনে মাওলানা ভাসানী ডুমুরিয়া সফরে আসেন। তিনি স্থানীয় নেতা জবেদ আলীর বাসভবনে অবস্থান করেন। মজলুম নেতার খুলনায় একটি রাজনৈতিক সফর ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। ১৯৬৫ সালের ২ জানুয়ারি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৮ অক্টোবর সার্কিট হাউজ ময়দানে ছিল বিরোধী দলের নির্বাচনি জনসভা। মৌলিক গণতন্ত্র পদ্ধতির ভোট। আমজনতা ভোটার ছিলেন না। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান ও মেম্বাররা ছিলেন নির্বাচনের ভোটার। জে. আইয়ুব খানের বিরুদ্ধে সম্মিলিত বিরোধী দল-কপের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন মিস ফাতেমা জিন্নাহ। কপের শরিক দল ছিল ন্যাপ। দলীয় প্রধান হিসেবে মওলানা ভাসানী সার্কিট হাউজে নির্বাচনি জনসভায় বক্তৃতা প্রদান করেন।
জনসভায় তিনি আইয়ুব খানের সামরিক শাসনের সমালোচনা করেন। ফাতেমা জিন্নাহকে জয়ী করানোর জন্য গোটা পূর্ব-পাকিস্তান সফর করেন। কপের শরিক দলের মধ্যে ছিল আওয়ামী লীগ, ন্যাপ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামী। মওলানা ভাসানী আইয়ুব খানের ১৯৫৮ সালের ‘মার্শাল-ল’, ‘সেয়াটো’ ও ‘সেন্টো’ চুক্তির তিনি বিরোধিতা করেন। পূর্ব-পাকিস্তানে ফাতেমা জিন্নাহর সমর্থনের পাল্লা ভারী হয়। সেবার আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন।
মস্কো ও পিকিং পন্থী নিয়ে ন্যাপে মতবিরোধ হলেও খুলনায় ভাসানীর নেতৃত্বাধীন অংশের পাল্লা ছিল ভারী। পাকিস্তান জমানায় এ্যাড. আব্দুল জব্বার সরদার, এম নুরুল ইসলাম, শেখ তৈয়বুর রহমান, গাজী শহিদুল্লাহ, শ্রমিক নেতা মোঃ আশরাফ হোসেন, মঞ্জুরুল আলম, সৈয়দ ঈসা, কাজী আমানুল্লাহ, বাগেরহাটের আমজাদ হোসেন গোরাই মিয়া, শামসুল আলম প্রমুখ ছিলেন ভাসানীর অনুসারী। পাকিস্তান জমানায় আইয়ুব বিরোধী বক্তৃতা দেওয়ায় মওলানা ভাসানী সহ অন্যান্যদের ষড়যন্ত্রকারী বলে আখ্যা দেওয়া হতো। ১৯৬৯ সালের ৯ ফেব্রুয়ারি খুলনায় ন্যাপের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে ন্যাপ প্রধান ভাসানীর আহ্বানে সাড়া দিয়ে দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান যাদু মিয়া জাতীয় পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেন। কাউন্সিল শেষে স্থানীয় মিউনিসিপাল পার্কে এক জনসভায় ন্যাপ প্রধান বক্তৃতা করেন।
তিনি বলেন, “১১ দফা না মানলে বিরোধী দল আইয়ুব খানের গোল টেবিল বৈঠকে যাবে না।”
তিনি ঘোষণা দেন, আগরতলা মামলা প্রত্যাহার না হলে গণ-আন্দোলন গড়ে উঠবে। তিনি আরও বলেন, “জরুরি আইন প্রত্যাহার, নিরাপত্তা আইনে গ্রেপ্তারের প্রতিবাদ ও রাজবন্দীদের মুক্তির দাবি করেন। ভোটাধিকার ও লাহোর প্রস্তাবভিত্তিক পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা না হলে বাঙালিরা খাজনার ট্যাক্স বন্ধ করে দেবে (আবু নোমান খান রচিত প্রবন্ধ ‘মওলানা ভাসানীর জীবন স্রোত’)।”
১৯৭০ সালের আগস্টে খুলনায় ন্যাপের এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এখানে ন্যাপের অভ্যন্তরে উপদলীয় কোন্দল চরম আকার ধারণ করে। তিনি ১৯৭০-এর জাতীয় নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তার লক্ষ্য ছিল নির্যাতিত মানুষের শত্রু সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, এবং পুঁজিবাদকে উৎখাত করে বিশ্ব শান্তি ও নির্যাতিত মানুষের অর্থনৈতিক মুক্তি আনা। তিনি ঘোষণা দেন, পিণ্ডি মহলের করুণার এর দরকার নেই, বাঙালিরা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নেবে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.