Tuesday, November 17, 2026 Khulna, Bangladesh
27°C Overcast
Latest
Politics

শতাব্দীর সূর্য অস্তমিত

‘উপমহাদেশের রাজনৈতিক গগনের জ্যোতিষ্মান নক্ষত্র মাওলানা ভাসানী আর নেই’। এমন শিরোনামে ১৯৭৬ সালে ১৯ নভেম্বর দৈনিক ইত্তেফাকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদকীয় শিরোনাম ছিল ‘শতাব্দীর সূর্য অস্তমিত হলো’। তাঁর […]

Read on Khulna Gazette Link copied
শতাব্দীর সূর্য অস্তমিত
Photo: Khulna Gazette

‘উপমহাদেশের রাজনৈতিক গগনের জ্যোতিষ্মান নক্ষত্র মাওলানা ভাসানী আর নেই’। এমন শিরোনামে ১৯৭৬ সালে ১৯ নভেম্বর দৈনিক ইত্তেফাকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদকীয় শিরোনাম ছিল ‘শতাব্দীর সূর্য অস্তমিত হলো’। তাঁর মহাপ্রয়াণের মধ্য দিয়ে শতাব্দীর এক বর্ণোজ্জ্বল ইতিহাসের পতন ঘটল। অন্য কারো পক্ষে তাঁর শূন্য বেদি পূর্ণ হবার নয়। তিনি বাঙালি জাতির আন্দোলন সংগ্রামের এক শতাব্দীর বিপ্লবী কণ্ঠস্বর। কৃষক, শ্রমিক, জেলে, তাঁতিসহ মেহনতি জনগণ হারিয়ে ফেলে তাদের মুক্তির দিশারি, সংগ্রামী জননায়ককে।

সমগ্র জাতি হারিয়ে ফেলে তাদের জাতিসত্তা ও জাতীয়তাবাদের উদ্যোক্তা পুরুষকে। ক্ষমতায় যাওয়ার মতো শক্তি, ভীত ও সম্ভাবনা ছিল, কিন্তু তিনি তা স্পর্শ করেননি। বাঙালির জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে ইতিবাচক ভূমিকা রাখেন। সে কারণে জাতির গর্বিত সন্তানদের মধ্যে তিনি একজন। বাঙালি জাতির স্বাধিকার অর্জন, কাগমারী সম্মেলন, ভুখা মিছিল ও ফারাক্কা অভিমুখে লংমার্চ তাঁর জীবনের উল্লেখযোগ্য অধ্যায়। আসাম ও বাংলার মাটিতে কৃষকের অধিকার আদায়ের লড়াই দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা। সেই সংগ্রামের পথ ধরে তিনি হয়ে উঠলেন নিপীড়িত মানুষের নির্ভরযোগ্য আশ্রয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে তিনি মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে নেতৃত্ব দেন।

১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে তিনি সাম্রাজ্যবাদবিরোধী ও স্বাধীন পররাষ্ট্র নীতির দাবিতে অটল ছিলেন এবং ক্ষমতার রাজনীতির চেয়ে আদর্শকে বড় করে দেখিয়েছিলেন। এরপর ন্যাশনাল আওয়ামী পার্টি গঠনের মাধ্যমে তিনি শোষিত মানুষের রাজনীতির নতুন পথ রচনা করেন। ক্ষমতায় যাওয়ার মতো শক্তি ও সম্ভাবনা তার ছিল, কিন্তু তিনি তা স্পর্শ করেননি। পদ, প্রতিপত্তি ও আরাম-আয়েশের প্রতি নির্মোহ থেকে তিনি সাধারণ মানুষের মধ্যেই নিজেকে বিলিয়ে দিয়েছেন। এ নিরাসক্তিই তাকে দিয়েছিল অনন্য নৈতিক শক্তি, যে কারণে ‘মজলুম জননেতা’ অভিধানটি তার নামের সঙ্গে চিরস্থায়ী হয়ে আছে। বাঙালির জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে তার ভূমিকা ছিল ইতিবাচক ও প্রেরণাদায়ী।

বিশেষত ১৯৭৬ সালের ফারাক্কা লংমার্চে তিনি জীবনের শেষ প্রান্তে এসেও বাংলার মানুষের পানির ন্যায্য অধিকারের প্রশ্নে সোচ্চার হয়েছিলেন। বার্ধক্য ও অসুস্থতা তার সংগ্রামী মনোবলকে দমাতে পারেনি। আজ তিনি নেই, কিন্তু তার আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস জাতির পথচলার পাথেয় হয়ে থাকবে। জাতির গর্বিত সন্তানদের মধ্যে তিনি চিরভাস্বর। ত্যাগী জাতির এ কৃতী সন্তানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original