Thursday, November 12, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Environment

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে খোলপেটুয়ায় শত জেলের নৌবন্ধন

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শ্যামনগরে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন শত শত জেলে ও বাওয়ালি। গতকাল সোমবার সকালে সুন্দরবনে প্রবেশের […]

Read on Khulna Gazette Link copied
সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে খোলপেটুয়ায় শত জেলের নৌবন্ধন
Photo: Khulna Gazette

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শ্যামনগরে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন শত শত জেলে ও বাওয়ালি।

গতকাল সোমবার সকালে সুন্দরবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ জলপথে নৌকা নিয়ে অবস্থান করেন তারা। এ সময় সারিবদ্ধভাবে নৌকা রেখে বনের প্রবেশপথ অবরুদ্ধ করে ব্যতিক্রমী এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উপকূলীয় জনপদে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জীবিকা নির্বাহের জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও বাওয়ালিরা নিজেদের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচির আয়োজন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীগুলোর আস্তানা চিহ্নিত করে জল ও স্থলপথে যৌথ অভিযান পরিচালনা, দস্যুদের হাতে জিম্মি জেলেদের দ্রুত উদ্ধার, বনজ সম্পদ আহরণে যাওয়া মানুষের নিরাপত্তায় টহল বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ নদী ও খালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থায়ী চেকপোস্ট স্থাপনের দাবি জানান। পাশাপাশি কোস্টগার্ড ও র‌্যাবের টহল জোরদারের আহ্বান জানান তারা।

বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন কর্মসূচিতে নেতৃত্ব দেন। তিনি বলেন, “সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের দাবিতে এর আগেও মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এত প্রতিবাদের পরও দস্যুদের অপতৎপরতা কমেনি বরং বেড়েছে। এতে উপকূলের প্রান্তিক মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।”

আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় জেলে বাবলু বলেন, “সুন্দরবনই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জীবন বাজি রেখে বনে মাছ ও কাঁকড়া ধরতে যাই। কিন্তু এখন দস্যুদের ভয়ে বনে প্রবেশ করতেও আতঙ্ক লাগে। চাঁদা না দিলে অপহরণ ও নির্যাতন করা হচ্ছে। নিরাপদে বনে প্রবেশের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

স্থানীয় প্রবীণ বাওয়ালি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সুন্দরবনের ওপর নির্ভর করেই উপকূলের হাজারো পরিবারের জীবিকা চলে। দস্যুদের ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ হয়ে গেলে উপকূলীয় অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এতে অসংখ্য পরিবার খাদ্য ও আর্থিক সংকটে পড়বে। তাই তারা সাময়িক আশ্বাস নয়, বনদস্যু সমস্যার স্থায়ী সমাধান চান।

কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত সুন্দরবনকে দস্যুমুক্ত করে জেলে-বাওয়ালিদের নিরাপদে বনজ সম্পদ আহরণের পরিবেশ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original