Tuesday, November 10, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Education

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহররের থানাপাড়া […]

Read on Khulna Gazette Link copied
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
Photo: Khulna Gazette

কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহররের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার গেটে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে জাকিয়া।

আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়া হোসেনের মেয়ে ও কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

এই ঘটনায় অভিযুক্ত ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। স্থানীয় সানআপ স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে এসএসসির টেস্ট পরীক্ষা শেষ করে স্কুল ছুটির পর বাড়িতে ফেরেন জাকিয়া। এসময় বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করছিল সে। হঠাৎ পিছন দিক থেকে কালো শার্ট পরিহিত ইমন গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এসময় জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্ত্যক্ত করত সে। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ করে দেয় ইমন। তবে পরিবারের ধারণা, তার অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে জাকিয়াকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।

জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এসময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ওই ছাত্রীর বাবা জাকারিয়া হোসেনের অভিযোগ, বখাটে যুবক ইমন বেশকিছু দিন ধরে মেয়েকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করত। কে জানতো যে শেষ পর্যন্ত আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে এভাবে নৃসংশ হামলা করবে। বর্তমান যে পরিস্থিতি চলছে, আমরা যারা মেয়ের অভিভাবক, তাদের মার খেয়েও তা মুখ বুজে হজম করতে হচ্ছে। আমি এই হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই।

বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় জাকারিয়ার সহকর্মীরা। তারা জানান, এই ঘটনায় তারা আতঙ্কিত। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি করেন তারা।

কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মন্ডল বলেন, জাকিয়া সুলতানা মমো ওদের ব্যাচের সেরা দশের মধ্যে একজন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে দারুন মেধাবী। মমোর ব্যবহার আচরণের মধ্যে কখননোই কোনো অভদ্রতা ছিল না। অত্যন্ত ভদ্র ছাত্রী হিসেবে স্কুলে পরিচিত। বিষয়টি স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। এমন অনাকাঙিক্ষত পরিস্থিতি আমাদের সবাইকে চরম শঙ্কার মুখে ফেলে দিয়েছে।

কুষ্টিয়া আড়াইশ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, রবিবার দুপুরে জাকিয়া সুলতানা (১০) নামে এক স্কুল ছাত্রী শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম নিয়ে জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসাসহ শল্য চিকিৎসা সম্পন্ন করেছেন। ওই রোগীর প্রচুর রক্তক্ষণ হয়েছে। চিকিৎসাধীন ওই রোগী এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তবে, মহিলা সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আপাতত রোগী ঝুঁকিমুক্ত।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, রবিবার দুপুর ১টায় কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী স্কুলে টেস্ট পরীক্ষা শেষে বাসায় ফিরে নিজ বাসার গেটের সামনে অপেক্ষারত অবস্থায় এক বখাটের ছুরিকাঘাতের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই স্থানীয় ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সন্দেহজনক হামলাকারীকেও শনাক্ত করাও হয়েছে। হামলাকারী কিশোর ইমনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সব কয়টি ইউনিট অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই হামলাকারী কিশোরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original