গ্রিস থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির সরকার। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় নির্ধারিত এই প্রত্যাবাসন ফ্লাইটে রয়েছেন ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার একটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় এসেছে।
গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমা ইংলিশ গত ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ওই তরুণ গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, গ্রিসের নাফপ্লিও এলাকায় কাজের সুযোগ রয়েছে। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন সেখানে অবস্থান করলেও পুলিশি তল্লাশি কিংবা বহিষ্কারের আশঙ্কা নেই বলেও ভিডিওতে জানান তিনি।
বিষয়টি গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই তরুণকে শনাক্ত করে। পরবর্তী সময়ে তার বসবাসের অনুমতি বাতিলের প্রক্রিয়া শুরু হয়। প্রতিবেদনে বলা হয়, তার তৃতীয় আশ্রয় আবেদনও প্রত্যাখ্যান করা হয়। এরপর প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় একটি বেসরকারি সংস্থার (এনজিও) আইনজীবীরা তার পক্ষে আইনি পদক্ষেপ নিয়েছিলেন।
গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে- দেওয়া এক পোস্টে ৫০ জনকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার ফ্লাইটে ওই বাংলাদেশি তরুণকেও ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রী তার পোস্টে দাবি করেন, ওই তরুণের কর্মকাণ্ড অভিবাসন-সংক্রান্ত অপরাধী চক্রকে সহায়তা করছিল। আইনি প্রক্রিয়ায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.