বন্দর নগরী খুলনাকে আবার শিল্পে সমৃদ্ধ করতে সরকারের প্রতিশ্রুতির আলোকে ভোলার অব্যবহৃত গ্যাস আনার তোড়জোড় চলছে। পাইপলাইনে করে ভোলার গ্যাস জেলার বাইরে আনার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। খুলনা-বরিশাল ১০৫ কিঃমি ৩০ ইঞ্চি পাইপলাইনের সম্ভ্যাবতা যাচাই চলছে। সব মিলিয়ে গ্যাস আনতে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ হতে পারে। ভোলায় তিনটি গ্যাস ক্ষেত্রে মজুদকৃত গ্যাসের পরিমাণ এক লাখ ৮৫ হাজার কোটি ঘনফুট।
দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে ২০১২ সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আড়ংঘাটা পর্যন্ত পাইপলাইন বসানো হয়। তবে এক যুগ পার হলেও পাইপলাইন দিয়ে আসেনি কোনো গ্যাস। অবশেষে নিয়ন্ত্রক সংস্থা সুন্দরবন গ্যাস কোম্পানি খুলনার বিসিক শিল্প নগরীতে গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে।
স্থানীয় শিল্প কারখানায় প্রথমবারের মতো পাইপলাইনে আসছে গ্যাস। প্রথম সংযোগ দেওয়া হবে বিসিক শিল্পনগরীতে। আগামী জুনের মধ্যে পাইপলাইন স্থাপন শেষ করে কারখানায় গ্যাস সরবরাহের আশা সুন্দরবন গ্যাস কোম্পানির। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিল্প ও বাণিজ্যের প্রসারে এ অঞ্চলে আরও বড় পরিসর করতে গত ৫ নভেম্বর সরকার প্রধানের কাছে গ্যাস সরবরাহের দাবি করে খুলনা বিএনপি।
সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পাঁচ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প আগামী জুনের মধ্যে শেষ করার আশা কোম্পানির। এর মাধ্যমে বিসিক শিল্প নগরীতে দৈনিক ২৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান পাইপলাইনের কাজ শুরু করার পাশাপাশি ভোলায় গ্যাস উৎপাদন বাড়ানোর কার্যক্রম চলছে বলে বিভিন্ন সূত্রকে বলেছেন।
নতুন করে গ্যাস অনুসন্ধানের জরিপ পরিচালনা করা হবে। জ্বালানি বিভাগের সূত্রের দাবি বর্তমানে ৯টি কূপ থেকে উৎপাদন ক্ষমতা দিনে ১৮ কোটি ঘনফুট। যদিও চাহিদা না থাকায় অর্ধেকের কম উৎপাদন করা হচ্ছে। আরও ১০টি কূপ খনন করা হলে দৈনিক ২০ কোটি ঘনফুট উৎপাদন ক্ষমতা বাড়বে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র বলছে, ভোলায় গ্যাসের মজুত, চাহিদা, উৎপাদন ও ভবিষ্যতে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গত সোমবার বৈঠক করেছে জ্বালানি বিভাগ। আইএসও ট্যাংকার বা সিলিন্ডারে ভরে গ্যাস আনার চেয়ে পাইপলাইন বেশি কার্যকর হতে পারে। সবার মতামত বিবেচনা করে ওই বৈঠকেই পাইপলাইন নির্মাণের সম্মতি দেন প্রধানমন্ত্রী।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৯৯৫ সালে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরু হয় ২০০৯ সালে। একই সংস্থা ২০১৮ সালে আবিষ্কার করে ভোলার দ্বিতীয় গ্যাসক্ষেত্র ভোলা নর্থ। তারা ২০২৩ সালে আবিষ্কার করে ইলিশা গ্যাসক্ষেত্র। এ দুটি গ্যাসক্ষেত্র থেকে এখনো উৎপাদন শুরু হয়নি।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.